কানাডার কুইবেক মসজিদে সন্ত্রাসী হামলা: নিহত ৬, আটক ২
https://parstoday.ir/bn/news/world-i32041-কানাডার_কুইবেক_মসজিদে_সন্ত্রাসী_হামলা_নিহত_৬_আটক_২
কানাডার কুইবেক সিটি মসজিদে সন্ত্রাসীদের গুলিতে ৬ জন মুসল্লি নিহত ও আটজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, কুইবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টার নামে পরিচিত মসজিদটিতে রোববার মাগরিবের নামাযের সময় তিন বন্দুকধারী অতর্কিত গুলি চালানো শুরু করে। ঘটনার সময় মসজিদটিতে ৪০ জনের মতো মুসল্লি ছিলেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ৩০, ২০১৭ ০৯:১৯ Asia/Dhaka

কানাডার কুইবেক সিটি মসজিদে সন্ত্রাসীদের গুলিতে ৬ জন মুসল্লি নিহত ও আটজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, কুইবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টার নামে পরিচিত মসজিদটিতে রোববার মাগরিবের নামাযের সময় তিন বন্দুকধারী অতর্কিত গুলি চালানো শুরু করে। ঘটনার সময় মসজিদটিতে ৪০ জনের মতো মুসল্লি ছিলেন।

মসজিদের সভাপতি মোহাম্মদ ইয়ানগুই বলেছেন, 'হামলার সময় আমি মসজিদের ভেতর ছিলাম না। হামলার পর এখনও আমি মসজিদের ভেতরে যেতে পারিনি। তবে সেখানে হামলার বীভৎসতা সম্পর্কে আতঙ্কিতরা আমাকে ফোন করে জানিয়েছেন।'

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘কেন এখানে এ ধরনের হামলার ঘটনা ঘটবে। এটা বর্বরোচিত কাজ।’

কুইবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টার

আটক দুই, পলাতক এক

কুইবেক পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, মসজিদে হামলায় জড়িত সন্দেহভাজন দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তবে কখন, কোথায় তাদেরকে আটক করা হয়েছে সে সম্পর্কে তিনি কোনো তথ্য দেননি। ওই পুলিশ কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে, হামলায় অংশ নেয়া তৃতীয় ব্যক্তি পালিয়ে গেছে।

প্রধানমন্ত্রীর টুইট

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কুইবেক সিটি মসজিদে হামলাকে ‘কাপুরুষোচিত’ হিসেবে অভিহিত করেছেন। ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষায় এক টুইটবার্তায় তিনি বলেছেন, ‘সব সময় ভুক্তভোগী ও তাদের পরিবারের পক্ষে আমার কণ্ঠ সোচ্চার থাকবে।‘

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো'র টুইট

এদিকে, কুইবেক প্রদেশের প্রিমিয়ার ফিলিপ কুইলার্দ সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এক টুইটার বার্তায় তিনি বলেন, কুইবেকের নাগরিক এবং মুসলিম বিশ্বাসের সঙ্গে সংহতি প্রকাশ করছি। একই সঙ্গে কুইবেকবাসী এই বর্বর নৃশংসতা প্রত্যাখ্যান করবে বলেও জানান তিনি।

কুইবেকে ধর্মীয় বিদ্বেষ

‘গ্রান্ড মসজিদ’ হিসেবে পরিচিত কুইবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষমূলক ঘৃণ্য তৎপরতা এর আগেও চালানো হয়েছিল।  গত বছরের জুনে পবিত্র রমজান চলাকালে এই মসজিদের দরজার সামনেই একটি উপহারের প্যাকেটে শুকরের মাথা রেখে যাওয়া হয়। সেখানে একটি চিরকুট লেখা ছিল, ‘সুস্বাদু খাবার’।

২০১৫ সালের সাধারণ নির্বাচন চলাকালে কুইবেকের বেশিরভাগ মানুষ মুসলিম নারীদের স্কার্ফ বা নিকাব নিষিদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিল।

২০১৩ সালে কুইবেক প্রদেশের স্যাগুয়েন অঞ্চলের একটি মসজিদে শুকরের রক্ত ছড়িয়ে দেয়া হয়েছিল। 

২০১৫ সালে অন্টারিও প্রদেশে একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়া হয়। এর আগের দিনই প্যারিসে বন্দুকধারীরা আত্মঘাতী হামলা চালায়।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দেশে মুসলিম শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আমেরিকায় ঢুকতে না পারা শরণার্থীদের তাঁর দেশে আশ্রয় দেয়া হবে বলে জানান। তার এ ঘোষণার পরের দিনই কুইবেক মসজিদে হামলা হল।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০