ইরানের ওপর নিষেধাজ্ঞা দেয়ার ইসরাইলি অনুরোধ নাকচ করল ব্রিটেন
https://parstoday.ir/bn/news/world-i32533-ইরানের_ওপর_নিষেধাজ্ঞা_দেয়ার_ইসরাইলি_অনুরোধ_নাকচ_করল_ব্রিটেন
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আবারো ছয়জাতি গোষ্ঠীর সঙ্গে সই হওয়া ইরানের পরমাণু সমঝোতার প্রতি তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। বহু-পাক্ষিক এ সমঝোতা লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে ব্রিটেন সফরত যুদ্ধবাজ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মে তা প্রত্যাখ্যান করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০১৭ ১৪:০২ Asia/Dhaka
  • নেতানিয়াহু (ডানে) এবং থেরেসা মে
    নেতানিয়াহু (ডানে) এবং থেরেসা মে

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আবারো ছয়জাতি গোষ্ঠীর সঙ্গে সই হওয়া ইরানের পরমাণু সমঝোতার প্রতি তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। বহু-পাক্ষিক এ সমঝোতা লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে ব্রিটেন সফরত যুদ্ধবাজ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মে তা প্রত্যাখ্যান করেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে থেরেসা মে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ব্রিটেন সফরে গেছেন নেতানিয়াহু। গতকাল (সোমবার) এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'দায়িত্বশীল জাতিগুলোর' উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুসরণ করা এবং ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করা।

নেতানিয়াহু বলেন, 'ইসরাইলকে ধ্বংস করতে চায়  ইরান, তারা মধ্যপ্রাচ্য দখল করতে চায়, তারা ইউরোপকে হুমকি দিচ্ছে, পশ্চিমা দেশগুলোকে হুমকি দিচ্ছে, দেশটি গোটা বিশ্বকে হুমকি দিচ্ছে এবং উসকানির পর উসকানি দিচ্ছে। তাই ইরানের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন নিষেধাজ্ঞা দিয়েছেন সেটিকে স্বাগত জানাই।'

অবশ্য যুদ্ধবাজ নেতানিয়াহু ব্রিটিশ প্রধানমন্ত্রী মে'কে এ বিষয়ে প্রভাবিত করতে ব্যর্থ হয়েছেন। কারণ আমেরিকা এবং ব্রিটেনসহ ছয়জাতি গোষ্ঠীর সঙ্গে যে পরমাণু সমঝোতা হয়েছে তা মধ্যপ্রাচ্যের শান্তি এবং নিরাপত্তার জন্য 'অত্যাবশ্যক' বলে মনে করেন তিনি। এদিকে, পরমাণু সমঝোতার প্রতি তার দেশের পূর্ণ সমর্থনের কথা মে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে 'স্পষ্ট' করেছেন বলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র গতকাল নিশ্চিত করেছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/৭