যুদ্ধ বাধলে হিজবুল্লাহ ইসরাইলের সব অবকাঠামো ধ্বংস করবে: ইসরাইলি বিশ্লেষক
https://parstoday.ir/bn/news/world-i33460-যুদ্ধ_বাধলে_হিজবুল্লাহ_ইসরাইলের_সব_অবকাঠামো_ধ্বংস_করবে_ইসরাইলি_বিশ্লেষক
ইহুদিবাদী ইসরাইলের সামরিক বিশ্লেষক অ’মোস হারয়েল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেলআবিব আবারও লেবাননের হিজবুল্লাহ’র সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়লে ইসলামী এই প্রতিরোধ আন্দোলন উত্তর, মধ্য ও দক্ষিণ ইসরাইলের সব অবকাঠামোই ধ্বংস করে দেবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০১৭ ২১:৫০ Asia/Dhaka
  • যুদ্ধ বাধলে হিজবুল্লাহ ইসরাইলের সব অবকাঠামো ধ্বংস করবে: ইসরাইলি বিশ্লেষক

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বিশ্লেষক অ’মোস হারয়েল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেলআবিব আবারও লেবাননের হিজবুল্লাহ’র সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়লে ইসলামী এই প্রতিরোধ আন্দোলন উত্তর, মধ্য ও দক্ষিণ ইসরাইলের সব অবকাঠামোই ধ্বংস করে দেবে।

ইসরাইলি দৈনিক হারেৎজ তার এই হুঁশিয়ারির কথা প্রকাশ করেছে। অ’মোস হারয়েল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ানোর ব্যাপারে দখলদার ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরাইল গত দশ বছরে কোনো যুদ্ধেই জয়ী হয়নি।

তিনি আরও বলেছেন, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের সংখ্যা ৮০ হাজার এবং ইসরাইলের নিরাপত্তা রক্ষার ক্ষেপণাস্ত্রের সংখ্যা এর চেয়ে কম। যুদ্ধ লাগলে হিজবুল্লাহ ইসরাইলে প্রতিদিন এক হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে বলে অ’মোস হারেল আশঙ্কা প্রকাশ করেছেন। যুদ্ধ লাগলে ইসরাইলি পক্ষে বেশি সংখ্যক মানুষ হতাহত হবে বলে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন।

এদিকে হিজবুল্লাহর প্রধান  সাইয়্যেদ হাসান নাসরুল্লাহও সম্প্রতি ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেছেন, তেলআবিব নতুন কোনো যুদ্ধ শুরু করলে হিজবুল্লাহ  ইসরাইলের পরমাণু ও রাসায়নিক স্থাপনাসহ এই দখলদার গোষ্ঠীর সব অবকাঠামোতেই আঘাত হানবে এবং এ বিষয়ে কোনো লাল-সীমাই মেনে চলবে না।

ইসরাইল হিজবুল্লাহ-প্রধানের হুমকিগুলোকে সব সময়ই গুরুত্ব দিয়ে আসছে।  সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সম্প্রতি হাইফার রাসায়নিক স্থাপনা ও দিমোনার পরমাণু স্থাপনাকে খালি করে দিতে বলায় ইসরাইলের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইসরাইলের সামরিক বিশেষজ্ঞরাও স্বীকার করেছেন যে হিজবুল্লাহর প্রধান যা বলেন তা বাস্তবায়ন করে ছাড়েন এবং তিনি প্রচারণামূলক কথা বলেন না। 

হিজবুল্লাহ প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর হুমকির মুখে ইসরাইল হাইফা শহরের রাসায়নিক গ্যাসের ডিপো ও স্থাপনাগুলোকে সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে। হিজবুল্লাহ’র প্রধান এরপর এক নতুন হুমকিতে বলেছেন, এইসব স্থাপনা ইসরাইলের যেখানেই সরিয়ে নেয়া হোক না কেন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে সেগুলোকে রক্ষা করতে পারবে না ইসরাইল। এ ছাড়াও তিনি ভবিষ্যতের যে কোনও সংঘাতে ইসরাইলের পরমাণু স্থাপনাকেও টার্গেট করা হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন। ইসরাইলি বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন হিজবুল্লাহ ইসরাইলের রাসায়নিক ও পরমাণু স্থাপনায় আঘাত হানলে লাখ লাখ ইসরাইলি হতাহত হবে।

বিশ্লেষকরা বলছেন, ইসরাইল লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হাতে পর পর দু’বার বিপর্যস্ত হওয়ার পর লেবানন ও ইসরাইলের সামরিক সমীকরণ পুরোপুরি উল্টো রূপ নিয়েছে। ১৯৪৮ সাল থেকে ৯০’র দশকের শেষ পর্যন্ত ইসরাইল প্রায় প্রতি মাসে লেবাননকে হামলার হুমকি দিত এবং লেবানন তাতে ভয় পেত। কিন্তু ২০০০ সালে দক্ষিণ লেবাননে ইসরাইলের পরাজয় এবং ২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধেও ইসরাইলের পরাজয়ের পর থেকে এখন লেবাননই হিজবুল্লাহর সুবাদে ইসরাইলকে ভয় দেখাচ্ছে ও ইসরাইল ভয় করছে লেবাননকে। ইসরাইলকে এখন লেবাননে হামলার আগে হাজার বা লক্ষবার নানা দিক ভাবতে হবে। ইসরাইলি কর্মকর্তারা সম্প্রতি লেবাননের হিজবুল্লাহকে পরমাণু বোমার মত বড় হুমকি বলে উল্লেখ করেছেন।  #

 

পার্সটুডে/মু.আ.হুসাইন/২৩