নেতানিয়াহুর সফরের প্রতিবাদে সিডনিতে ব্যাপক বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/world-i33470-নেতানিয়াহুর_সফরের_প্রতিবাদে_সিডনিতে_ব্যাপক_বিক্ষোভ
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রথম অস্ট্রেলিয়া সফরের প্রতিবাদে দেশটির সিডনি শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় মিছিল করে যুদ্ধবাজ নেতানিয়াহুর সফরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০১৭ ০৬:৪৫ Asia/Dhaka
  • নেতানিয়াহুর সফরের প্রতিবাদে সিডনিতে ব্যাপক বিক্ষোভ

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রথম অস্ট্রেলিয়া সফরের প্রতিবাদে দেশটির সিডনি শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় মিছিল করে যুদ্ধবাজ নেতানিয়াহুর সফরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

বিক্ষোভকারীরা তেল আবিবের প্রতি ক্যানবেরা সরকারের অকুণ্ঠ সমর্থনের তীব্র নিন্দা জানান। এ সময় বিক্ষোভকারীদের হাতে ‘নেতানিয়াহু যুদ্ধাপরাধী’, ‘ফিলিস্তিনকে মুক্তি দাও’, ‘দখলদারিত্বের অবসান ঘটাও’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড ছিল।

বিক্ষোভকারীদের হাতে থাকা একটি ব্যানারে নেতানিয়াহুর বিশালাকৃতির ছবিতে হিটলারের গোঁফ লাগিয়ে নীচে ‘ফ্যাসিস্ট’ শব্দটি লেখা ছিল।

নেতানিয়াহু বুধবার ইসরাইলের ক্ষমতায় থাকা কোনো প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরে যান।  চারদিনের এ সফরকে স্বাগত জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ‘দ্যা অস্ট্রেলিয়ান’ পত্রিকায় এক নিবন্ধ লেখেন। সেখানে তিনি ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি নির্মাণ বন্ধ করার আহ্বান জানিয়ে প্রস্তাব অনুমোদন করার জন্য জাতিসংঘের নিন্দা জানান।

যৌথ সংবাদ সম্মেলনে করমর্দন করেন দুই প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার টার্নবুলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তার ওই নিবন্ধের প্রশংসা করেন ইসরাইলি প্রধানমন্ত্রী।  তিনি বলেন, ‘জাতিসংঘের ভণ্ডামি পাংচার’ করে দেয়ার সাহস দেখিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।  অস্ট্রেলিয়াকে তিনি ইসরাইলের ‘ভালো বন্ধু’ বলেও অভিহিত করেন।

২৩ ফেব্রুয়ারি ২০১৭, সিডনি

ইসরাইলের প্রতি ক্যানবেরার এ খোশামোদের তীব্র নিন্দা জানান সিডনির বিক্ষোভকারীরা।  নেতানিয়াহু যে হোটেলে অবস্থান করছেন বিক্ষোভকারীরা সেদিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। ইহুদিবাদী প্রধানমন্ত্রীর সফরের আগে ৬০ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী নেতা ও সাবেক রাজনীতিক তাকে স্বাগত না জানানোর জন্য প্রধানমন্ত্রী টার্নবুলের প্রতি আহ্বান জানিয়েছিলেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪