ইসরাইল-ভারত যৌথ ক্ষেপণাস্ত্র নির্মাণে ১৭ হাজার কোটি রুপির চুক্তি অনুমোদন
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যৌথ ভাবে ক্ষেপণাস্ত্র তৈরি করবে ভারত এবং এ জন্য দেশটির মন্ত্রিপরিষদ ১৭ হাজার কোটি রুপির একটি চুক্তি অনুমোদন করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তেল আবিব সফরের আগে এ চুক্তি অনুমোদন করা হলো। মোদি জুনে তেল আবিব সফরে যাবেন বলে কথা রয়েছে।
মধ্যপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য বা এমআর-স্যাম ব্যবস্থা ভারতীয় সেনাবাহিনীর জন্য তৈরি করা হবে। ভারতের নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য ইসরাইলের সঙ্গে যৌথ ভাবে ক্ষেপণাস্ত্র তৈরির অংশ হিসেবে সর্বশেষ এ সিদ্ধান্ত নেয়া হবে। এ খাতে শত কোটি ডলারের চু্ক্তি হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আজ(শুক্রবার) জানিয়েছে।
বুধবার নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিপরিষদ বৈঠক বা সিসিএস ১৭০০০ কোটি রুপির চুক্তি অনুমোদন করে। ইসরাইলে এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিস বা আইএআই এবং ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা ডিআরডিও এ চুক্তি বাস্তবায়ন করবে।
৪০টি ইউনিট এবং ২০০ ক্ষেপণাস্ত্র নিয়ে গঠিত ভারতের পাঁচ রেজিমেন্টের জন্য এ চুক্তি করা হয়। এ সব ক্ষেপণাস্ত্র ৫০ থেকে ৭০ কিলোমিটার পাল্লার হবে। ইহুদিবাদী ইসরাইলের পুরানো বারাক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারত ব্যবহার করছে। নতুন ব্যবস্থা এর ভিত্তিতেই তৈরি হবে বলে ভারতের একটি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে। এ ব্যবস্থা ভারতে তৈরি হবে এবং এতে ৮০ শতাংশ ভারতীয় উপাদান ব্যবহৃত হবে। ২০২৩ সালের মধ্যে এ ব্যবস্থা ভারতীয় সেনাবাহিনীকে সরবরাহ করার কথা রয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৪