সেই সফরে বের হয়েছেন সৌদি রাজা
https://parstoday.ir/bn/news/world-i33646-সেই_সফরে_বের_হয়েছেন_সৌদি_রাজা
সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল আজিজ আলে সৌদ মাসব্যাপী সফরে বের হয়েছেন। সফরের প্রথমে তিনি গতকাল (রোববার) মালয়েশিয়া পৌঁছেছেন। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক কুয়ালালামপুরে রাজা সালমানকে স্বাগত জানান।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০১৭ ০৯:৫৮ Asia/Dhaka
  • মাসব্যাপী সফরে সৌদি রাজা
    মাসব্যাপী সফরে সৌদি রাজা

সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল আজিজ আলে সৌদ মাসব্যাপী সফরে বের হয়েছেন। সফরের প্রথমে তিনি গতকাল (রোববার) মালয়েশিয়া পৌঁছেছেন। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক কুয়ালালামপুরে রাজা সালমানকে স্বাগত জানান।

সফরে তার সঙ্গে প্রাথমিকভাবে ৬০০ সদস্যের বিশাল একটি প্রতিনিধিদল রয়েছে। মাসব্যাপী এ সফরে রাজা সালমান ইন্দোনেশিয়া, ব্রুনাই, জাপান, চীন, মালদ্বীপ ও জর্দান সফর করবেন। এর মধ্যে তিনি ইন্দোনেশিয়ার বালি দ্বীপে প্রায় এক সপ্তাহ অবকাশযাপন করবেন। সে সময় তার সঙ্গে যোগ দেবেন আরো ১,৫০০ ব্যক্তি। এর আগেও ৮০ বছরের অশীতিপর বৃদ্ধ রাজা বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের আনন্দ ভ্রমণে গেছেন এবং তা নিয়ে নানা বিতর্ক উঠেছে।

ধারণা করা হচ্ছে- চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্যও তিনি এসব দেশ থেকে বিনিয়োগ আকর্ষণের চেষ্টা চালাবেন। বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় এবং ইয়েমেনে আগ্রাসন চালাতে গিয়ে সৌদি আরবের অর্থনীতি পর্যুদস্ত অবস্থার মধ্যে পড়েছে। অর্থনৈতিক সংকটের মধ্যে এত বিশাল বহর নিয়ে মাসব্যাপী সফরে বের হওয়ায় সমালোচকেরা বিষয়টি নেতিবাচক দৃষ্টিতে দেখছেন। তারা বলছেন, এ সফরের অর্থনৈতিক গুরুত্ব যতটা তার চেয়ে রাজার অবকাশযাপনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে বেশি।

এক দশকেরও বেশি সময় পর সৌদি আরবের কোনো রাজা মালয়েশিয়া সফর করছেন। কোনো কোনো সুত্র জানিয়েছে, মালেশিয়ার সঙ্গে তেল খাতে বড় রকমের সহযোগিতা গড়ে তোলা হবে কুয়ালালামপুর সফরের প্রধান উদ্দেশ্য। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ক্ষমতায় আসার পর অবৈধভাবে সৌদি অর্থ গ্রহণের কেলেংকারিতে জড়িয়ে পড়েন। তার ব্যক্তিগত অ্যাকাউন্টে কোটি কোটি ডলার পাওয়া গেছে। গত বছরের জানুয়ারিতে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, সৌদি রাজপরিবার নাজিব রাজাককে এ অর্থ দান করেছে এবং তার বেশিরভাগই ফেরত দেয়া হয়েছে। এ নিয়ে মালয়েশিয়ায় ব্যাপক আন্দোলন চলছে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭