সৌদি রাজাকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে: মালয়েশিয়া
-
মালয়েশিয়া সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও সৌদি রাজা সালমানের মধ্যে আলাপ
মালয়েশিয়া বলেছে, সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ আলে সৌদকে হত্যার একটি ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে। সম্প্রতি মালয়েশিয়া সফরের সময় রাজাকে হত্যার ষড়যন্ত্র করা হয়ে বলে দাবি করেছে কুয়ালালামপুর।
সৌদি রাজা এশিয়া সফরের অংশ হিসেবে গত ২৬ ফেব্রুয়ারি ৬০০ সঙ্গী নিয়ে মালয়েশিয়া পৌঁছান। বর্তমানে তিনি ইন্দোনেশিয়া ভ্রমণে রয়েছেন। আজ (মঙ্গলবার) মালয়েশিয়া পুলিশের প্রধান খালিদ আবু বকর বলেছেন, ইয়েমেনের চার নাগরিক সৌদি রাজাকে হত্যার ষড়যন্ত্র করেছিল।
এর আগে রোববার কুয়ালালামপুর জানিয়েছিল, সন্দেহভাজন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার দায়ে গত ২১ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ার এক ব্যক্তি ও ছয় বিদেশিকে আটক করা হয়। এর মধ্যে ইন্দোনেশিয়ার একজন, ইয়েমেনের চারজন ও পূর্ব এশিয়ার কোনো একটি দেশের এক নাগরিক রয়েছে।
পুলিশ দাবি করছে, আটক সাত ব্যক্তির মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার দুই নাগরিক বিশাল আকারের গাড়ি বোমা হামলার পরিকল্পনা নিয়েছিল। রাজা সালমানের এ সফরের মধ্যদিয়ে গত এক দশকের বেশি সময় পর সৌদি কোনো শাসক মালয়েশিয়া সফর করলেন। সৌদি আরবের পক্ষ থেকে হত্যা ষড়যন্ত্র নিয়ে এখনো কিছু বলা হয় নি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭