‘ইউরোপের সঙ্গে শরণার্থী চুক্তি পর্যালোচনা করবে তুরস্ক’
-
ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক তুর্কি মন্ত্রী ওমর সেলিক
ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক তুর্কি মন্ত্রী ওমর সেলিক বলেছেন, শরণার্থী নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সই হওয়া চুক্তি নতুন করে পর্যালোচনা করবে তার দেশ। ওই চুক্তি অনুসারে, সিরিয়া, ইরাকসহ বিভিন্ন দেশ থেকে যাওয়া শরণার্থীদের তুরস্কে আটকে দেয়ার কথা ছিল। বিনিময়ে তুরস্কের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দেয়ার কথা ছিল।
এছাড়া, শরণার্থীদের ত্রাণ ও থাকার জন্য তুরস্ককে বড় অংকের অর্থ দিতে রাজি হয়েছিল ইইউ। একইসঙ্গে তুরস্ককে ইইউ’র সদস্যপদ দেয়ার বিষয়ে দ্রুত আলোচনা শুরুর কথা ছিল।
ওমর সেলিক বলেন, “আপনারা সতর্কতার সঙ্গে লক্ষ্য করলে দেখবেন যে, ইউরোপীয় ইউনিয়ন সবসময় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে সহায়তা এবং শরণার্থী সংকট ব্যবস্থাপনার কথা বলেছে। কিন্তু এ দিয়ে তারা অন্য ইস্যু চাপা দিয়েছে। আমরা যখন ইইউ’র বাধ্যবাধকতার দিকে তাকাই তখন এ চুক্তি পর্যালোচনা না করার কোনো কারণ দেখি না।”
ওমর সেলিক আলো বলেন, “এ অবস্থায় আমরা সুস্পষ্টভাবে বুঝে গেছি যে, তারা আমাদের নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধা দেবে না। আবার তারা নিজেদের সন্ত্রাস-বিরোধী আইন কঠিন করবে কিন্তু আমাদের আইন দুর্বল করতে বলবে। আমরা আমাদের দেশের স্বার্থে তা করতে পারি না।”
জার্মানি, নেদারল্যান্ড ও অস্ট্রিয়ার সঙ্গে তুরস্কের কূটনৈতিক সম্পর্কে যখন মারাত্মক টানাপড়েন দেখা দিয়েছে তখন এসব কথা বললেন তুকি মন্ত্রী ওমর সেলিক।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫