সৌদি জোটের কাছে অস্ত্র বিক্রি অবশ্যই বন্ধ করতে হবে: আমেরিকাকে অ্যামনেস্টি
https://parstoday.ir/bn/news/world-i34582-সৌদি_জোটের_কাছে_অস্ত্র_বিক্রি_অবশ্যই_বন্ধ_করতে_হবে_আমেরিকাকে_অ্যামনেস্টি
সৌদি আরব এবং বাহরাইনের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন না দিতে আমেরিকার প্রতি জোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ওয়াশিংটন এসব অস্ত্র বিক্রি করলে তা যুদ্ধাপরাধের শামিল হবে বলে মন্তব্য করেছে সংস্থাটি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ১৬, ২০১৭ ১৪:৩৯ Asia/Dhaka
  • সৌদি জোটের কাছে অস্ত্র বিক্রি অবশ্যই বন্ধ করতে হবে: আমেরিকাকে অ্যামনেস্টি

সৌদি আরব এবং বাহরাইনের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন না দিতে আমেরিকার প্রতি জোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ওয়াশিংটন এসব অস্ত্র বিক্রি করলে তা যুদ্ধাপরাধের শামিল হবে বলে মন্তব্য করেছে সংস্থাটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে লেখা এক চিঠিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, 'আমেরিকা নতুন করে অস্ত্র বিক্রি করলে তা সৌদি নেতৃত্বাধীন জোটের হাতকে শক্তিশালী করবে। অথচ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ জোট ইয়েমেনের হাজার হাজার বেসামরিক লোকদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।'  

অ্যামনেস্টির বিশেষজ্ঞরা এরইমধ্যে দারিদ্রপীড়িত ইয়েমেনের আবাসিক ভবনের ধ্বংস্তুপের মধ্যে আমেরিকার তৈরি বহু অবিস্ফোরিত বোমা খুঁজে পেয়েছে। এগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষিত গুচ্ছ বোমা।  

সংস্থাটি চিঠিতে আরো উল্লেখ করেছে, সৌদি আরব, বাহরাইন এবং অন্যান্য মিত্রদেশগুলো মার্কিন এসব নতুন অস্ত্র হাতে পেলে ইয়েমেনের বেসামরিক লোকদের জীবন দুর্বিসহ করে তুলতে তারা আরো বেপরোয়া হয়ে উঠবে।    

যেসব সরকার আন্তর্জাতিক মানবাধিকার এবং মানবিক আইন লঙ্ঘন করছে তাদের কাছে ওয়াশিংটন অস্ত্র বিক্রি অব্যাহত রাখা উচিত নয় বলে সংস্থাটির মার্কিন প্রধান নির্বাহী কর্মকর্তা মার্গারেট হোয়াং এক বিবৃতিতে জানিয়েছেন। সৌদি আরব এবং বাহরাইনকে অস্ত্র সরবরাহ করা হলে সেটি যুদ্ধাপরাধের শামিল হবে বলেও মন্তব্য করেন তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/১৬