হেলমান্দের গুরুত্বপূর্ণ জেলা সাঙ্গিন দখল করেছে আফগান তালেবান
https://parstoday.ir/bn/news/world-i34996-হেলমান্দের_গুরুত্বপূর্ণ_জেলা_সাঙ্গিন_দখল_করেছে_আফগান_তালেবান
আফগানিস্তানের তালেবান দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের গুরুত্বপূর্ণ জেলা সাঙ্গিনের কেন্দ্রস্থল দখল করে নিয়েছে। তালেবানের অগ্রাভিযানের মুখে ওই এলাকা থেকে সরকারি বাহিনী সরে যেতে বাধ্য হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৪, ২০১৭ ১২:১৪ Asia/Dhaka
  • হেলমান্দের গুরুত্বপূর্ণ জেলা সাঙ্গিন দখল করেছে আফগান তালেবান

আফগানিস্তানের তালেবান দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের গুরুত্বপূর্ণ জেলা সাঙ্গিনের কেন্দ্রস্থল দখল করে নিয়েছে। তালেবানের অগ্রাভিযানের মুখে ওই এলাকা থেকে সরকারি বাহিনী সরে যেতে বাধ্য হয়েছে।

গতকাল সাঙ্গিন জেলার কেন্দ্রস্থল তালেবান দখল করে নিয়েছে বলে নিশ্চিত করেছেন এ জেলার পুলিশ প্রধান। আফগান সেনা ও পুলিশ ইউনিটকে ওই এলাকা থেকে সরিয়ে নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে তা দখল করে নেয়া হয়। তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এক বিবৃতিতে ওই এলাকা দখল করে নেয়ার কথা জানিয়েছেন।

এদিকে, সাঙ্গিনের পুলিশ প্রধান বলেছেন, তালেবানের অবরোধের সময় সাঙ্গিনে মাত্র ৮ পুলিশ এবং ৩০ আফগান সেনা ছিল। সাঙ্গিন জেলার মুক্ত করা জন্য এর কাছাকাছি এলাকায় নিরাপত্তা বাহিনী সমবেত হতে শুরু করেছে বলেও জানান তিনি। অবশ্য তালেবানের বিরুদ্ধে পাল্টা হামলা জন্য কত সংখ্যক সেনা মোতায়েন করা হবে সে বিষয়ে কিছু বলেন নি তিনি।

এ দিকে, রাজধানী কাবুল থেকে সাঙ্গিনের আইনপ্রণেতা মাহমুদ হাশিম আলোকজাই দ্রুত জেলাটি মুক্ত করার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। সাঙ্গিনের পতন গোটা হেলমান্দ প্রদেশের ওপর ভয়াবহ  প্রভাব ফেলতে পারে বলেও আশংকা ব্যক্ত করেন তিনি।

এর আগেও কয়েকটি গুরুত্বপূর্ণ জেলা দখল করে নিয়েছে তালেবান। এছাড়া, প্রাদেশিক রাজধানী লাশকরগাহে গত কয়েক মাস ধরে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে তারা।

এর আগে, সাঙ্গিন জেলাকে আফগানিস্তানে মোতায়েন ব্রিটিশ এবং মার্কিন সেনাদের জন্য রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করা হতো। ২০০৬ সালে হেলমান্দের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল ব্রিটিশ বাহিনী। আফগানিস্তানে ৪০০ ব্রিটিশ সেনা নিহত হয়েছে। এর মধ্যে বেশির ভাগই নিহত হয়েছে হেলমান্দে এবং একমাত্র সংগিন জেলাতেই নিহত হয়েছিল ১০৪ ব্রিটিশ সেনা। পরে তারা হেলমান্দ প্রদেশের নিয়ন্ত্রণ হস্তান্তর করে।#

পার্সটুডে/মূসা রেজা/২৪