সপ্তাহে একটি করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাব: উত্তর কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i36398-সপ্তাহে_একটি_করে_ক্ষেপণাস্ত্র_পরীক্ষা_চালাব_উত্তর_কোরিয়া
আমেরিকার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। সেইসঙ্গে দেশটি বলেছে, এখন থেকে প্রতি সপ্তাহে অন্তত একটি করে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৮, ২০১৭ ০২:২৬ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা (ফাইল ছবি)
    উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা (ফাইল ছবি)

আমেরিকার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। সেইসঙ্গে দেশটি বলেছে, এখন থেকে প্রতি সপ্তাহে অন্তত একটি করে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হবে।

উত্তর কোরিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী হ্যান সং-রিওল বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকার যেকোনো সামরিক পদক্ষেপের পরিণতি হবে সর্বাত্মক যুদ্ধ।

তিনি বলেন, “আমরা এখন থেকে সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাব।  আমেরিকা যদি আমাদের বিরুদ্ধে সামরিক হামলার কথা চিন্তা করে থাকে তাহলে আমরা আমাদের নিজস্ব পদ্ধতি ও স্টাইলে আগাম পরমাণু হামলা চালাব।”

কিম ইন-রিয়ং

এদিকে জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপ রাষ্ট্রদূত কিম ইন-রিয়ং নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেছেন, তার দেশ ‘যেকোনো ধরনের’ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।  উত্তর কোরিয়া যেকোনো ক্ষেপণাস্ত্র ও পরমাণু হামলার 'সমুচিৎ' জবাব দেবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

কিম বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র যদি সামরিক পদক্ষেপ নেয়ার ধৃষ্ঠতা দেখায় তাহলে ওয়াশিংটন যে পদ্ধতির যুদ্ধ চায় উত্তর কোরিয়া সে পদ্ধতিতে জবাব দেবে। আমরা উস্কানিদাতাদেরকে কঠিনতম জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছি।”#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮