গণভোটে বিজয়ী হওয়ার পর আবার জরুরি অবস্থার মেয়াদ বাড়াল তুর্কি সরকার
https://parstoday.ir/bn/news/world-i36406-গণভোটে_বিজয়ী_হওয়ার_পর_আবার_জরুরি_অবস্থার_মেয়াদ_বাড়াল_তুর্কি_সরকার
তুরস্কের মন্ত্রিপরিষদ দেশটির জরুরি অবস্থার মেয়াদ আবারো তিনমাসের জন্য বাড়িয়েছে। দেশটিতে গণভোটে বিজয়ী হওয়ার মাত্র একদিন পরই এ পদক্ষেপ নিল তুর্কি সরকার। গণভোটে বিজয়ী হওয়ার ফলে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান নিরঙ্কুশ ক্ষমতা পেতে যাচ্ছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৮, ২০১৭ ০৭:২৬ Asia/Dhaka
  • গণভোটে বিজয়ী হওয়ার পর আবার জরুরি অবস্থার মেয়াদ বাড়াল তুর্কি সরকার

তুরস্কের মন্ত্রিপরিষদ দেশটির জরুরি অবস্থার মেয়াদ আবারো তিনমাসের জন্য বাড়িয়েছে। দেশটিতে গণভোটে বিজয়ী হওয়ার মাত্র একদিন পরই এ পদক্ষেপ নিল তুর্কি সরকার। গণভোটে বিজয়ী হওয়ার ফলে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান নিরঙ্কুশ ক্ষমতা পেতে যাচ্ছেন।

গত বছরের ১৫ জুলাই’র ব্যর্থ সামরিক অভ্যুত্থানকে কেন্দ্র করে তুরস্কে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। এরই মধ্যে এর মেয়াদ দু’ দফা বাড়ানো হয়েছে।

গতকাল শেষ বেলায় জরুরি অবস্থার মেয়াদ তৃতীয় দফায় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। প্রেসিডেন্ট এরদেগানের সভাপতিত্বে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ বা এমজিকে’র বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

তুর্কি উপ-প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস দাবি করেছেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে সরকারের হাত শক্তিশালী করার  জন্য এ মেয়াদ বাড়ানো হয়েছে।

অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে তুর্কি সরকারকে কঠোর অভিযানে সহায়তা করছে জরুরি অবস্থা। এ পর্যন্ত দেশটিতে ৪০ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেফতার এবং লক্ষাধিক লোককে চাকরিচ্যুত করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৮