সংলাপই ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনের পথ: পুতিন
-
মাহমুদ আব্বাস (বামে) ও ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ভাষায় বলেছেন, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব একমাত্র আন্তর্জাতিক আইনের ভিত্তিতে রাজনৈতিক সংলাপের মাধ্যমেই সমাধান করা সম্ভব।
গতকাল (বৃহস্পতিবার)কৃষ্ণসাগর তীরবর্তী অবকাশযাপন কেন্দ্র সোচিতে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পুতিন বলেন, মধ্যপ্রাচ্য বিষয়ক চতুষ্টয়ের সদস্য হিসেবে ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সরাসরি সংলাপ অনুষ্ঠানের প্রয়োজনীয়তা প্রমাণের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে রাশিয়া। এ সময় পুতিন একপেশে পদক্ষেপ নেয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরাইল ও ফিলিস্তিনের ম্যধকার সংকট নিরসনের জন্য দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিতে হবে।
সংবাদ সম্মেলনে মাহমুদ আব্বাস ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের অব্যাহত অবৈধ বসতি নির্মাণসহ সেখানকার মানবাধিকার লঙ্ঘনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। এছাড়া, ইসরাইলের কারাগারে হাজার হাজার ফিলিস্তিনি নাগরিকের করুণ বন্দিদশার কথা উল্লেখ করেন। এ সময় মাহমুদ আব্বাস জোর দিয়ে বলেন, ইসরাইলের হত্যা ও দমন অভিযান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ বন্ধ করে দিতে পারে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২