ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা হবে বিপজ্জনক: জন কেরি
-
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি
ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপ নেয়া হলে তা তেহরানকে কোনঠাসা করে তুলবে এবং তা হবে খুবই বিপজ্জনক।
গতকাল (সোমবার) সান ফ্রান্সিসকোতে তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে দেয়া বক্তব্যে কেরি বলেন, ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা ইরানি জনগণকে এই বার্তাই দেবে যে, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাপত্র থেকে কোনো ধরনের সুফল পাওয়া যায় নি।
জন কেরি আরো বলেন, ওয়াশিংটন যদি এমন কোনো আগ্রাসী এবং অতিরঞ্জিত আচরণ দেখায় যা ইরানিদের কাছে এটা প্রতিয়মান হয় যে, এ সমঝোতা থেকে কোনো সুবিধা বা সুফল পাওয়া যায় নি তাহলে দেশটির জনগণকে তা কোনঠাসা করে তুলবে। আর এমনটি হলে তা হবে খুবই বিপজ্জনক এবং এতে ভিন্ন কোনো ফল বয়ে আনতে পারে।
গত মাসে মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি একটি খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।ওই প্রস্তাবের আওতায় তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচীকে কেন্দ্র করে ইরানের ওপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পকে অনুমোদন দেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে জন কেরি এসব মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৫