মার্কিন কংগ্রেসম্যানের নিতম্বে গুলি
https://parstoday.ir/bn/news/world-i40198-মার্কিন_কংগ্রেসম্যানের_নিতম্বে_গুলি
মার্কিন রিপাবলিকান দলের সিনিয়র কংগ্রেসম্যান স্টিভ স্ক্যালাইজ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। রাজধানী ওয়াশিংটনের উপকণ্ঠে একটি ক্লাবে বেইজ বল খেলা অনুশীলনের সময় তিনি এ হামলার শিকার হন এবং তার নিতম্বে গুলি লেগেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ১৫, ২০১৭ ০৭:৫০ Asia/Dhaka
  • কংগ্রেসম্যান স্টিভ স্ক্যালাইজ
    কংগ্রেসম্যান স্টিভ স্ক্যালাইজ

মার্কিন রিপাবলিকান দলের সিনিয়র কংগ্রেসম্যান স্টিভ স্ক্যালাইজ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। রাজধানী ওয়াশিংটনের উপকণ্ঠে একটি ক্লাবে বেইজ বল খেলা অনুশীলনের সময় তিনি এ হামলার শিকার হন এবং তার নিতম্বে গুলি লেগেছে।

মার্কিন কংগ্রেসম্যানদের বার্ষিক প্রতিযোগিতা উপলক্ষে তিনি ওই ক্লাবে বেইজ বল খেলার অনুশীলন করতে গিয়েছিলেন। এ সময় তিনিসহ আরো কয়েকজন গুলিতে আহত হন। তবে কারা গুলি চালিয়েছে তা পরিষ্কার নয়।

রিপাবলিকান দলের আরেক কংগ্রেসম্যান মো ব্রুকস মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে জানিয়েছেন, এ ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত দুই সদস্য এবং একজন কংগ্রেস স্টাফ গুলিবিদ্ধ হন।

নিতম্বে গুলিবিদ্ধ হওয়ার পর স্ক্যালাইজের হাঁটার মতো অবস্থা নেই এবং গোলাগুলির মধ্যে তিনি কোনো রকমে নিজের দেহ টেনেহিঁচড়ে আউটফিল্ডে নিয়ে যান। স্ক্যালাইজ হচ্ছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ক্ষমতাসীন রিপাবলিকান দলের হুইপ। তিনি এখন জর্জ ওয়াশিংটন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে।#       

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫