লেবানন ও ইরাকে বিপুল আমেরিকান বিনিয়োগ সত্ত্বেও জয়ী ইরান: মার্কিন দৈনিক
মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, মার্কিন সরকার ইরাক ও লেবাননে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করলেও এর লাভ বা সুফল চলে গেছে ইরানের ঘরে!
দৈনিকটি লিখেছে, মার্কিন সরকার লেবাননে ১০০ কোটি ডলার খরচ করলেও দেশটির নানা ঘটনা ও পরিবর্তন প্রক্রিয়ায় হিজবুল্লাহর সঙ্গে বিজয়ী হয়েছে ইরান। আর এখন ইরাকের স্বেচ্ছাসেবী গণ-প্রতিরোধ বাহিনী হাশদ্আশ শাবির মাধ্যমে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে!
‘ইরান লেবাননে বিজয়ী হয়েছে, ইরাকে পরিস্থিতি কেমন হবে?’ শীর্ষক এক প্রবন্ধে এইসব মন্তব্য করেছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।
দৈনিকটির মন্তব্যে বলা হয়েছে, ওয়াশিংটন ব্যাপক মাত্রায় অর্থ খরচ করা সত্ত্বেও এ অঞ্চলের ঘটনা-প্রবাহে বিজয়ী হয়েছে ইরান। ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, তেহরান এখন ইরাকেও একই কৌশল প্রয়োগ করে আধা-সামরিক গোষ্ঠী হাশদ্আশ শাবি-কে জোরদার করেছে। এই গোষ্ঠী লেবাননের হিজবুল্লাহর মতোই তৎপরতা চালাচ্ছে এবং এই গোষ্ঠী মার্কিনীদেরকে আরেকটি পরাজয়ের শিকারে পরিণত করতে পারে।
এর আগে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক নিবন্ধে বলেছিল, ইরানে বিদেশী পুঁজি-বিনিয়োগের যে চমৎকার অবকাঠামো রয়েছে অন্য কোনো দেশেই এতোটা ভালো অবস্থা নেই। ইরানি নেতাদের প্রতিরোধ ও দক্ষ পরিচালনার কারণেই তা সম্ভব হয়েছে বলে দৈনিকটি মন্তব্য করেছে। নানা হুমকি সত্ত্বেও ইরানের বহু কোম্পানি প্রতিরোধ ও দক্ষতাসহ পরিচালনার ক্ষেত্রে অসাধারণ যোগ্যতা অর্জন করেছে বলে দৈনিকটি উল্লেখ করে । #
পার্সটুডে/মু.আ.হুসাইন/৩০