সিরিয়ায় নতুন যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়া-আমেরিকার চুক্তি
https://parstoday.ir/bn/news/world-i41698-সিরিয়ায়_নতুন_যুদ্ধবিরতির_বিষয়ে_রাশিয়া_আমেরিকার_চুক্তি
সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যুদ্ধবিরতির বিষয়ে আমেরিকা ও রাশিয়া একটি চুক্তিতে পৌঁছেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার এ কথা জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৭, ২০১৭ ২১:০৩ Asia/Dhaka
  • পুতিন (বামে) ও ট্রাম্প
    পুতিন (বামে) ও ট্রাম্প

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যুদ্ধবিরতির বিষয়ে আমেরিকা ও রাশিয়া একটি চুক্তিতে পৌঁছেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, জার্মানির হামবুর্গ শহরে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০’র শীর্ষ সম্মেলনের অবকাশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ চুক্তি হয়। বৈঠকটি গঠনমূলক ও আন্তরিক পরিবেশে হয়েছে বলে জানান ল্যাভরভ। রুশ মন্ত্রী জানান, চুক্তিটি ৯ জুলাই রোববার থেকে কার্যকর হবে।

এর আগে আমেরিকার তিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন- যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হবে রোববার সিরিয়া সময় দুপুর থেকে। তবে তারা চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানান নি এবং কীভাবে তা বাস্তবায়ন হবে তাও জানান নি। এ তিন কর্মকর্তা বলেছিলেন, মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে মাঝেমাঝে আলোচনা হয়েছে তবে তা ট্রাম্প ও পুতিনের মধ্যে প্রথম বৈঠকেই চূড়ান্ত হবে। চুক্তির পর জর্দানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলেছে, আম্মানও এ চুক্তির অংশ।

ইরান, রাশিয়া ও তুরস্ক মিলে সিরিয়ায় নিরাপদ অঞ্চল গঠনের যে চুক্তি করেছে রুশ-মার্কিন এ চুক্তি তার বাইরের কিছু।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭