তালেবানের বর্বরতা: হাসপাতালে হামলায় নিহত ৩৫
-
আফগান তালেবান
আফগান তালেবানের সর্বশেষ বর্বতার শিকার হয়ে হাসপাতালে জীবন দিয়েছেন ৩৫ জন বেসামরিক নাগরিক। ভারী অস্ত্রে সজ্জিত হয়ে আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে আজ (সোমবার) এ বর্বর হামলা চালিয়েছে তালেবান।
আফগান প্রেসিডেন্টের মুখপাত্র শাহ হোসেইন মুরতাজাভি জানান, তালেবান সন্ত্রাসীরা ঘোর প্রদেশের ওই হাসপাতালে ঢুকে ৩৫ জন বেসামরিক নাগরিককে হত্যা করে। তবে এসব ব্যক্তি রোগী নাকি হাসপাতালের কর্মচারি তিনি তা পরিষ্কার করেন নি। তিনি বলেন, আজকের এ হামলা হচ্ছে মানবতার বিরুদ্ধে নিষ্ঠুর অপরাধ।
স্থানীয় গণমাধ্যম গতকাল শেষ বেলায় জানিয়েছিল, তালেবান সন্ত্রাসীরা হাসপাতালটিতে আগুন ধরিয়ে দিয়েছিল এবং ভেতরের সবাই পুড়ে মারা গেছে। তবে কতজন মারা গেছে তা গণমাধ্যমগুলোর খবরে বলা হয় নি। তালেবানের এক মুখপাত্র বলেছেন, ভয়াবহ সংঘর্ষে হাসপাতালের একাংশ বিধ্বস্ত হয়েছে।
গত কয়েকদিন ধরে আফগান সেনাদের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ চালিয়ে ঘোর প্রদেশের তাইয়ার জেলা দখলের পর তালেবান ওই হাসপাতালে হামলা চালাল। প্রদেশের গভর্নর আবদুল হাই খাতিবি তাইয়ার জেলা দখলের কথা নিশ্চিত করেছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪