গাড়ি হামলায় আফগানিস্তানে ২ মার্কিন সেনা নিহত
-
হামলার পর একটি সাঁজোয়া গাড়ির ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে
আফগানিস্তানে ন্যাটো বহরের ওপর এক আত্মঘাতী হামলায় অনির্দিষ্ট সংখ্যক সেনা হতাহত হয়েছে। বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে এ হামলা চালানো হয়েছিল। অবশ্য দুই মার্কিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে পেন্টাগন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে আজ (বুধবার) এ হামলা হয়েছে।
হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করা হলেও সংখ্যা সম্পর্কে কিছু বলা হয় নি এ বিবৃতিতে। একজন প্রত্যক্ষদর্শী ঘটনাস্থল থেকে হেলিকপ্টারে করে আহত সেনাদের সরিয়ে নিতে দেখেছেন। কিন্তু সেনাদের অবস্থা কী ছিল সে সম্পর্কে কোনো ধারণা করতে পারেন নি তিনি।
এদিকে, তালেবান দ্রুত এ হামলার দায় স্বীকার করে বলেছে, মার্কিন বাহিনীর ১৫ সেনা নিহত হয়েছে। এছাড়া হামলায় কয়েকটি ট্যাংক ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়েছে। সাধারণভাবে হতাহতের সংখ্যা অনেক বাড়িয়ে বলে থাকে তালেবান ।
গত বৃহস্পতিবার দুপুরে এক হামলায় আফগানিস্তানে ২ মার্কিন সেনা নিহত হয়েছিল। আফগানিস্তানে বর্তমানে সাত হাজার মার্কিন সেনাসহ ৩৯টি দেশের প্রায় সাড়ে ১৩ হাজার সেনা রয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২