জাপানি হামলায় ডুবে যাওয়া মার্কিন যুদ্ধজাহাজের সন্ধান
https://parstoday.ir/bn/news/world-i44538-জাপানি_হামলায়_ডুবে_যাওয়া_মার্কিন_যুদ্ধজাহাজের_সন্ধান
প্রশান্ত মহাসাগরে আমেরিকার একটি ডুবে যাওয়া যুদ্ধজাহাজের সন্ধান পেয়েছেন গবেষকরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে জাপানি সাবমেরিনের হামলায় ইন্ডিয়ানাপোলিস নামের এ যুদ্ধজাহাজটি ডুবে যায়।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
আগস্ট ২১, ২০১৭ ০৭:১৯ Asia/Dhaka
  • পার্ল হারবারে ইন্ডিয়ানাপোলিস (১৯৩৭ সালের ছবি)
    পার্ল হারবারে ইন্ডিয়ানাপোলিস (১৯৩৭ সালের ছবি)

প্রশান্ত মহাসাগরে আমেরিকার একটি ডুবে যাওয়া যুদ্ধজাহাজের সন্ধান পেয়েছেন গবেষকরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে জাপানি সাবমেরিনের হামলায় ইন্ডিয়ানাপোলিস নামের এ যুদ্ধজাহাজটি ডুবে যায়।

মার্কিন বাহিনীর সমুদ্রযুদ্ধের ইতিহাসে এটাই ছিল সবচেয়ে বড় একক জীবনহানির ঘটনা। মার্কিন নৌবাহিনী শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠ থেকে ১৮ হাজার ফুট বা সাড়ে পাঁচ কিলোমিটারের বেশি নিচে ফিলিপাইনের পানি সীমার কাছে জাহাজটির সন্ধান পাওয়া গেছে।

পরমাণু বোমা বানানোর জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম ও অন্যান্য উপাদান সরবরাহের গোপন মিশন থেকে ফেরার পথে ইন্ডিয়ানাপোলিসের ওপর জাপানি সাবমেরিন টরপেডো হামলা চালায়। ১৯৪৫ সালের ৩০ জুলাই মার্কিন এ যুদ্ধজাহাজ ধ্বংস হয়। এর কিছুদিন পর ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে মার্কিন বিমান বাহিনী পরমাণু বোমা হামলা চালায়।

জাপানি হামলায় মার্কিন যুদ্ধজাহাজটি যখন ডুবে যায় তখন তাতে ১,১৯৬ জন নাবিক ও ক্রু ছিল। জাহাজটি ডুবতে মাত্র ১২ মিনিট সময় নেয় এবং শেষ পর্যন্ত ৮৭৯ জন নাবিক মারা যায়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১