ভেনিজুয়েলায় গণতন্ত্র ফিরিয়ে আনতে সব শক্তিই ব্যবহার করব: মাইক পেন্স
-
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
লাতিন আমেরিকার দেশ 'ভেনিজুয়েলার পতন' ওয়াশিংটন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। একই সঙ্গে তিনি বলেছেন, দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে মার্কিন প্রশাসন অর্থনৈতিক এবং কূটনৈতিক শক্তি ব্যবহার করবে।
হোয়াইট হাউজ ভেনিজুয়েলা সরকারের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করার কথা বিবেচনা করছে বলে সংবাদ মাধ্যমে যখন খবর আসছে তখন গতকাল (বুধবার) ভেনিজুয়েলা কমিউনিটি অধ্যুষিত আমেরিকার মিয়ামি উপশহরে এ মন্তব্য করেন পেন্স। এসময় ভেনিজুয়েলার কয়েকশ অভিবাসী সেখানে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ভেনিজুয়েলায় পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমেরিকা দেশটির ওপর পূর্ণ অর্থনৈতিক এবং কূটনৈতিক শক্তি ব্যবহার অব্যাহত রাখবে। পেন্স বলেন, "ভেনিজুয়েলার পতন সবার জন্যই বিপদ ডেকে আনবে এবং আমরা এটা হতে দিতে পারি না এবং এটা হতে দেব না।"
ভেনিজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার বিষয়টি অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানানোর পর দেশটির ভাইস প্রেসিডেন্টের এসব বক্তব্য এলো। ভেনিজুয়েলার বিরুদ্ধে সামরিক ব্যবস্থাসহ অনেক ব্যবস্থাই আমেরিকার কাছে প্রস্তুত রয়েছে বলে ট্রাম্প এর আগে হুমকি দিয়েছিলেন।
এদিকে, লাতিন আমেরিকার দেশগুলোর ওপর বিদেশী হস্তক্ষেপ অবশ্যই বন্ধ করতে হবে বলে সম্প্রতি মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ভেনিজুয়েলার বিরুদ্ধে বিদেশী হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য হতে পারে না এবং দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষা দিতে হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি।#
পার্সটুডে/বাবুল আখতার/২৪