পুতিনের তুরস্ক সফর; বললেন নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার কথা
-
বৃহস্পতিবার আঙ্কারায় যৌথ সংবাদ সম্মেলনে পুতিন (বামে) ও এরদোগান
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় যেসব নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করার হয়েছে সেগুলোর মাধ্যমে সন্ত্রাসীদের চূড়ান্তভাবে পরাজিত করা সম্ভব হবে এবং দেশটিতে গত সাত বছরের সংঘর্ষের অবসান হবে।
বৃহস্পতিবার তুরস্ক সফরে গিয়ে আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন পুতিন। তিনি বলেন, “নিরাপদ অঞ্চলগুলো সিরিয়ার ভ্রাতৃঘাতী যুদ্ধের অবসান ঘটানোর জন্য প্রয়োজনীয় পরিস্থিতি সৃষ্টি করেছে। এখন এর মাধ্যমে সন্ত্রাসীদের চূড়ান্ত পরাজয় ঘটবে এবং সিরিয়ার জনগণ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে।”
গত মে মাসে কাজাখস্তানের রাজধানী আস্তানায় চতুর্থ আন্তঃসিরিয়া বৈঠকে সিরিয়ায় চারটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় সম্মত হয় সংঘর্ষরত পক্ষগুলো। রাশিয়া, ইরান ও তুরস্কের মধ্যস্থতায় ওই বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই তিন দেশ নিরাপদ অঞ্চলগুলো রক্ষার গ্যারান্টি দেয়।
আস্তানা বৈঠকের পরপরই তিনটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা সম্ভব হয় এবং এগুলো প্রতিষ্ঠার পর সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সঙ্গে সরকারি সেনাবাহিনীর সংঘর্ষ উল্লেখযোগ্য মাত্রায় কমে যায়। কিন্তু ইদলিব প্রদেশে চতুর্থ নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত এখনো বাস্তবায়ন করা যায়নি।
চলতি মাসের গোড়ার দিকে তুরস্কের সীমান্তবর্তী ইদলিব প্রদেশে ওই অঞ্চল প্রতিষ্ঠার খুঁটিনাটি নিয়ে একমত হয় ইরান, রাশিয়া ও তুরস্ক। ইদলিব প্রদেশের বেশিরভাগ এলাকা উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা ফ্রন্টের নিয়ন্ত্রণে রয়েছে।
বৃহস্পতিবার রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্ট সিরিয়ার ইদলিবের ওই নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠার চেষ্টা জোরদার করতে সম্মত হয়েছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯