‘উ. কোরিয়ার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে’
জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইতসেনোরি ওদোনেরা বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা নজিরবিহীন, অনিবার্য এবং গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। এ জন্য ভিন্ন ধরণের সাড়া দেয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, উত্তর কোরিয়া দৃঢ়তার সঙ্গে পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র ক্ষমতার উন্নয়ন ঘটিয়েছে। ফিলিপাইনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সং ইয়ং-মু’র সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
উত্তর কোরিয়ার পরমাণু সংকট মোকাবেলায় আমেরিকা, রাশিয়া এবং চীনের সঙ্গে একযোগে কাজ করতে টোকিও প্রস্তুত বলে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ঘোষণা করার পরই এ কথা বলেন ওদোনেরা।
ওদোনেরো আরো বলেন, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির মোকাবেলায় সব পদ্ধতি ভেবে দেখার মার্কিন দৃষ্টিভঙ্গি সমর্থন করতে বাধ্য হচ্ছে জাপান। সব পদ্ধতির মধ্যে সামরিক ব্যবস্থা গ্রহণের বিষয়টিও রয়েছে বলে এর আগে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওদোনেরো আরো বলেন, এ অবস্থায় সুপরিকল্পিত এবং ভিন্ন ধরণের সাড়া দেয়ার পথ জাপানকে বেছে নিতে হবে। অবশ্য ‘ভিন্ন ধরণের সাড়া’ বলতে কি বোঝানো হয়েছে তার ব্যাখ্যা দেননি তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/২৪