যুদ্ধের মধ্যে সৌদিতে ব্রিটিশ অস্ত্র বিক্রি বেড়েছে ৫০০ শতাংশ: সিএএটি
-
সৌদি হামলায় নিহত হয়েছে বহু ইয়েমেনি শিশু
ইয়েমেনে আগ্রাসন শুরুর পর সৌদি আরবে ব্রিটিশ বোমা ও ক্ষেপণাস্ত্র সরবরাহ প্রায় ৫০০ শতাংশ বেড়েছে। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংস্থা দ্যা ক্যাম্পেইন অ্যাগেইস্ট দি আর্মস ট্রেড বা সিএএটি।
সংস্থাটি বলেছে, ইয়েমেনে আগ্রাসন শুরুর পর প্রথম দুই বছরে ব্রিটেন সৌদি আরবে ৪৬০ কোটি পাউন্ডের অস্ত্র বিক্রি করেছে। এ পরিসংখ্যান অনুযায়ী সৌদি আরবে বোমা ও ক্ষেপণাস্ত্র বিক্রি বেড়েছে ৪৫৭ শতাংশ। একই সময়ে জঙ্গি বিমান বিক্রি বেড়েছে ৭০ শতাংশ।
সিএএটি'র কো-অর্ডিনেটর টম বার্নস বলেছেন, দারিদ্রপীড়িত ইয়েমেনে হামলায় এসব অস্ত্র ব্যবহার করা হয়েছে।
ইয়েমেনের পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানো এবং জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে দমনের উদ্দেশ্যে ২০১৫ সালের মার্চ মাস থেকে দেশটিতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব।
এ পর্যন্ত এসব পাশবিক হামলায় অন্তত ১২,০০০ মানুষ নিহত হয়েছে। সেইসঙ্গে এসব হামলায় ইয়েমেনের হাসপাতাল, স্কুল ও কল-কারখানাসহ দেশটির অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮