ইরানের বিরুদ্ধে সৌদির কঠোর অবস্থান: সমর্থন নেই ফ্রান্সের
-
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, ইরানের বিরুদ্ধে সৌদি আরব যে কঠোর অবস্থান নিয়েছে তাতে তিনি একমত পোষণ করেন না।
প্রেসিডেন্ট ম্যাকরন গত বৃহস্পতিবার দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন তার উদ্ধৃতি দিয়ে ফরাসি সংবাদ মাধ্যম 'লি মনডে' জানিয়েছে, "তেহরানের বিরুদ্ধে সৌদি আরব যে কঠোর অবস্থান গ্রহন করেছে তার সঙ্গে তিনি একমত নন।"
আরব আমিরাতে দু'দিনের সফরে যান ম্যাকরন। এরপর সেখান থেকে তিনি সৌদি আরবে যাওয়ার আকস্মিক ঘোষণা দেন। চলতি সপ্তাহের শেষের দিকে ইয়েমেন থেকে রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা জন্য তেহরানকে দায়ী করেছে সৌদি আরব। ইরানকে 'সঠিক সময়ে এবং পন্থায়' যথাযথ জবাব দেয়ারও ঘোষণা দিয়েছে দেশটি।
গত শনিবার ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সেনারা সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বোরকান এইচ-২ ছোঁড়ে। ২০১৫ সালে সৌদি আরব ও তার মিত্র কয়েকটি দেশ ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরুর পর এই প্রথম রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন।
লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী সা'দ হারিরির ভাগ্যে কি ঘটেছে সে সম্পর্কে জানতে ম্যাকরন সৌদি আরব সফরে গেছেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে। গত শনিবার সৌদি আরব থেকে টেলিভিশনে দেয়া ভাষণের মাধ্যমে সা'দ হারিরি লেবাননের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।#
পার্সটুডে/বাবুল আখতার/১১