হারিরি লেবাননে গিয়ে শান্তি ফিরিয়ে আনবেন: ইরানের আশা
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
ইরান বলেছে, তারা আশা করছে লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী সা'দ হারিরি সৌদি আরব থেকে খুব শিগগিরি নিজ দেশে ফিরে যাবেন। একই সঙ্গে তেহরান আশা করছে, হারিরি দেশে ফিরে গিয়ে নিজের পদত্যাগের প্রকৃত ঘটনা তুলে ধরে দেশটিতে শান্তি বজায় রাখার ক্ষেত্রে সহযোগিতা করবেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (সোমাবার) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, "লেবাননে শিগগিরি ফিরে যাওয়ার ব্যাপারে গতকাল হারিরি যে ঘোষণা দিয়েছেন তার মাধ্যমে এই আশার সঞ্চার হয়েছে যে লেবাননে শান্তি ফিরে আসবে।"
সাদ হারিরি গত ৪ নভেম্বর সৌদি আরব সফরে গিয়ে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। প্রেসিডেন্ট আউন এখনো প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগপত্র গ্রহণ বা নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেননি। প্রেসিডেন্ট আউন বলেছেন, যতক্ষণ হারিরি সৌদি আরবে অবস্থান করবেন ততক্ষণ তার কথার কোনো গ্রহণযোগ্যতা নেই। কারণ, সৌদি সরকার তার তৎপরতা নিয়ন্ত্রণ করছে বলেই মনে হচ্ছে।
কাসেমি বলেন, তৃতীয় কোনো দেশ থেকে পদত্যাগের ঘোষণা দেয়ার মাধ্যমে হারিরি যে 'অদ্ভুত এবং বিরল নজির' সৃষ্টি করেছেন তা লেবাননের শান্তি বিনষ্ট করেছে। তিনি বলেন, হারিরির পদত্যাগের ঘোষণাকে ইরান 'সন্দেহজনক' হিসেবে বিবেচনা করছে। তবে লেবাননে ফিরে গিয়ে নিজের পদত্যাগের পক্ষে তিনি সঠিক কারণ তুলে ধরার ব্যাপারে ইরান তার আশা মোটেও ত্যাগ করছে না।#
পার্সটুডে/বাবুল আখতার/১৩