হারিরিকে ফ্রান্সে আমন্ত্রণ: নির্বাসনের প্রচেষ্টা?
-
ইমানুয়েল ম্যাকরন এবং সাদ হারিরি
ফ্রান্স বলেছে, লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরি এবং তার পরিবারকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন প্যারিসে আমন্ত্রণ জানিয়েছেন। সম্প্রতি, সাদ হারিরি সৌদি আরব সফরে গিয়ে পদত্যাগের আকস্মিক ঘোষণা দেন। সৌদি কর্মকর্তারা তাকে আটকে রেখেছেন বলে লেবানন অভিযোগ করেছে।
গতকাল (বুধবার) ফরাসি প্রেসিডেন্টের এলিসি প্রাসাদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, "সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান এবং লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির সঙ্গে আলোচনা করার পর প্রেসিডেন্ট ম্যাকরন সাদ হারিরি এবং তার পরিবারকে ফ্রান্স সফরে আমন্ত্রণ জানান।" ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ আজ নিশ্চিত করেছেন যে, প্রেসিডেন্ট ম্যাকরনের আমন্ত্রণ গ্রহণ করেছেন হারিরি।
সাদ হারিরি গত ৪ নভেম্বর এক আকস্মিক বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দেন। লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন গতকাল অভিযোগ করেছেন, সৌদি আরব সাদ হারিরিকে 'আটক' করে রেখেছে। তিনি আরো বলেছেন "প্রধানমন্ত্রীর ১২ দিন ধরে দেশে ফিরতে না পারা কিছুতেই যুক্তিযুক্ত হতে পারে না। তাই আমরা তাকে আটক এবং বন্দি করে রাখা হয়েছে বলে বিবেচনা করছি, যা জেনেভা কনভেনশনের পরিপন্থী।" এছাড়া, হারিরিকে আটক রাখার বিষয়ে সৌদি তৎপরতাকে তার দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করছেন প্রেসিডেন্ট আউন।
এদিকে, হারিরিকে ফ্রান্স সফরে যাওয়ার আমন্ত্রণের মাধ্যমে এই ধারণাই উঠে আসছে যে, তাকে হয়ত ইউরোপে 'নির্বাসনে' পাঠাচ্ছে সৌদি আরব। আবার কেউ কেউ মনে করছেন, "হারিরি যাতে সৌদি আরব থেকে নিরাপদে বের হতে পারেন তার একটি সহজ পথ বের করার চেষ্টা করছেন প্রেসিডেন্ট ম্যাকরন। এ কারণেই তিনি সাদ হারিরিকে সপরিবারে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়েছেন।" #
পার্সটুডে/বাবুল আখতার/১৬