এবার এফবিআই’র উপপ্রধানকে পদত্যাগে বাধ্য করলেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i52183-এবার_এফবিআই’র_উপপ্রধানকে_পদত্যাগে_বাধ্য_করলেন_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রুশ হস্তক্ষেপ তদন্ত করতে গিয়ে এবার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ফেডারেল পুলিশ বাহিনী এফবিআই’র উপপ্রধান অ্যান্ড্রিউ ম্যাককেইব। গত বছর একই কারণে এফবিআই’র তৎকালীন প্রধান জেমস কোমিকে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ৩০, ২০১৮ ০৩:৩৯ Asia/Dhaka
  • অ্যান্ড্রিউ ম্যাককেইব
    অ্যান্ড্রিউ ম্যাককেইব

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রুশ হস্তক্ষেপ তদন্ত করতে গিয়ে এবার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ফেডারেল পুলিশ বাহিনী এফবিআই’র উপপ্রধান অ্যান্ড্রিউ ম্যাককেইব। গত বছর একই কারণে এফবিআই’র তৎকালীন প্রধান জেমস কোমিকে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাম্প্রতিক সময়ে ম্যাককেইবকে সরিয়ে দেয়ার জন্য এফবিআই’র প্রধান ক্রিস্টোফার রে’র ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল হোয়াইট হাউজ। এ ছাড়া, গতমাস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছিলেন এফবিআই’র দ্বিতীয় শীর্ষ এ ব্যক্তিত্ব। এ অবস্থায় সোমবার তিনি পদত্যাগ করেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রুশ হস্তক্ষেপের তদন্ত সরাসরি তত্ত্বাবধান করছিলেন ৪৯ বছর বয়সি ম্যাককেইব।

তিনি এমন সময় পদত্যাগ করলেন যখন এফবিআই প্রধান ক্রিস্টোফার রে গত ২৩ জানুয়ারি সতর্ক করে দিয়ে বলেছিলেন, তার ডেপুটিকে সরিয়ে দেয়ার জন্য চাপ অব্যাহত থাকলে তিনি নিজেই পদত্যাগ করবেন।

জেমস কোমি

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের ইমেইল কেলেঙ্কারি নিয়ে তদন্তের এক পর্যায়ে ২০১৭ সালের ৯ মে এফবিআই’র তৎকালীন প্রধান জেমস কোমিকে সরিয়ে দিয়েছিলেন ট্রাম্প।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করে ট্রাম্পকে জিতিয়ে দিয়েছে বলে ওই নির্বাচনের পরপরই যে অভিযোগ ওঠে তা নিয়ে জল্পনা এখনো শেষ হয়নি। ওই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়ে যেতে পারে বলেই ডোনাল্ড ট্রাম্প একের পর এক নিরাপত্তা বাহিনীর শীর্ষস্থানীয় ব্যক্তিদের বরখাস্ত কিংবা সরে যেতে বাধ্য করছেন বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

রাশিয়া অবশ্য বহুবার মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০