সিরিয়া হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদে রাশিয়া প্রস্তাব
https://parstoday.ir/bn/news/world-i55816-সিরিয়া_হামলার_নিন্দা_জানিয়ে_নিরাপত্তা_পরিষদে_রাশিয়া_প্রস্তাব
সিরিয়ায় আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের শনিবারের সমন্বিত হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার তোলা খসড়া প্রস্তাব নাকচ হয়ে গেছে। শনিবার দিনের শুরুতে চালানো হামলার ব্যাপারে দিনের শেষে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ওই প্রস্তাব তোলা হয়েছিল।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ১৫, ২০১৮ ০৫:৩৪ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক

সিরিয়ায় আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের শনিবারের সমন্বিত হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার তোলা খসড়া প্রস্তাব নাকচ হয়ে গেছে। শনিবার দিনের শুরুতে চালানো হামলার ব্যাপারে দিনের শেষে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ওই প্রস্তাব তোলা হয়েছিল।

জাতিসংঘের অনুমোদন না নিয়েই ওই হামলা চালিয়েছে নিরাপত্তা পরিষদের তিন স্থায়ী সদস্যদেশ আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন। 

শনিবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার তোলা প্রস্তাবের খসড়ার পক্ষে মাত্র তিন ভোট পড়ে। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় আট দেশ এবং চার দেশ ভোটদানে বিরত থাকে।

নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এক পৃষ্ঠার প্রস্তাবের খসড়াটি পড়ে শোনান জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া। তিনি সিরিয়ায় তিন পশ্চিমা দেশের সামরিক আগ্রসানের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এ হামলা বন্ধ করার আহ্বান জানান। সেইসঙ্গে তিনি সংঘর্ষপীড়িত আরব দেশটিতে আবার হামলা চালানোর ব্যাপারে ওয়াশিংটন, লন্ডন ও প্যারিসকে সতর্ক করে দেন। রুশ রাষ্ট্রদূত বলেন, সিরিয়ায় শনিবারের আগ্রাসন ছিল জাতিসংঘ ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন।

জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ, মার্কিন ও ফরাসি রাষ্ট্রদূত

নেবেনজিয়া বলেন, সিরিয়ায় এ ধরনের হামলা উগ্র সন্ত্রাসীদের সমর্থনের শামিল। এর ফলে সিরিয়ার জনগণের দুঃখ-দুর্দশা বাড়বে এবং দেশটি থেকে আবার বহির্বিশ্বে শরণার্থীদের ঢল নামবে।

সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী দুমা শহরে দেশটির সেনাবাহিনী গত ৭ এপ্রিল রাসায়নিক হামলা করেছিল বলে দাবি করে পশ্চিমা শক্তিগুলো। ওই হামলার প্রতিক্রিয়ায় শনিবার ভোররতে সিরিয়ার বিভিন্ন সামরিক অবস্থানে একযোগে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায় আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন।

এমন সময় তিন পশ্চিমা শক্তি সিরিয়ায় ওই হামলা চালায় যখন রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার বিশেষজ্ঞরা দুমার কথিত রাসায়নিক হামলার তদন্ত করতে দামেস্ক পৌঁছেছেন। অর্থাৎ আন্তর্জাতিক তদন্ত ও উপযুক্ত দলিল-প্রমাণ উদঘাটন ছাড়াই সিরিয়ায় আগ্রাসন চালিয়েছে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫