আশা করি দুই কোরিয়া একদিন শান্তিপূর্ণ সহাবস্থান করবে: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i56036-আশা_করি_দুই_কোরিয়া_একদিন_শান্তিপূর্ণ_সহাবস্থান_করবে_ট্রাম্প
উত্তর এবং দক্ষিণ কোরিয়া একদিন একসঙ্গে শান্তিতে বসবাস করবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের সঙ্গে নিজের নির্ধারিত শীর্ষ বৈঠকের আগে এ মন্তব্য করেন ট্রাম্প।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ১৯, ২০১৮ ১৩:৫৮ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উত্তর এবং দক্ষিণ কোরিয়া একদিন একসঙ্গে শান্তিতে বসবাস করবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের সঙ্গে নিজের নির্ধারিত শীর্ষ বৈঠকের আগে এ মন্তব্য করেন ট্রাম্প।

গতকাল (বুধবার) আমেরিকা সফরত জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে ফ্লোরিডায় দেয়া এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, "আমরা এমন একদিনের আশায় আছি যখন দেখতে পাবো যে কোরিয় উপদ্বীপের অধিবাসীরা শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার মধ্য দিয়ে একসঙ্গে বসবাস করছে।"     

ট্রাম্প বলেন, "এর আগে আমি বলেছি যে, উত্তর কোরিয়া তার পরমাণু কর্মসূচি থেকে নির্ভরযোগ্যতার সঙ্গে পুরোপুরি বের হয়ে আসলে দেশটির জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে। আর এমনটি ঘটলে তা হবে কোরিয়ার পাশাপাশি গোটা বিশ্বের জন্য একটি বিরাট দিন।"

এদিকে, কোনো নির্দিষ্ট ইস্যুতে কোরিয়ার সঙ্গে মতৈক্যে পৌঁছার সম্ভাবনা নেই কিংবা সফল নাও হতে পারে- এই আশঙ্কায় দুই মাস পর উত্তর কোরিয়ার নেতার সঙ্গে তার নির্ধারিত শীর্ষ বৈঠক বাতিল হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, "আমার কাছে যদি মনে হয় যে বৈঠক সফল হচ্ছে না তাহলে আমরা সেখানে যাব না। আমি যে বৈঠকে উপস্থিত থাকবো সেখান থেকে যদি কোনো ইতিবাচক ফলাফল না আসে তাহলে নিশ্চিতভাবে তা ত্যাগ করব।"   

উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি আলোচনার কিছু শর্তের প্রতিও ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, আসন্ন বৈঠকে তিনি উত্তর কোরিয়ায় আটক তিন মার্কিনীর মুক্তির পাশাপাশি পিয়ংইয়ংয়ের সঙ্গে এমন একটি চুক্তি করবেন যার আওতায় উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে পুরোপুরি সরে আসবে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৯