ষড়যন্ত্র থামাও নইলে জবাবে অনুতপ্ত হবে: ইসরাইলকে ইরানের প্রতিরক্ষামন্ত্রী
-
আমির হাতামি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি ইহুদিবাদী ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন- তোমরা বিপজ্জনক আচরণ ও ষড়যন্ত্র থেকে সরে দাঁড়াও, অন্যথায় আমাদের জবাবে অনুতপ্ত ও হতভম্ব হবে। ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গতরাতের হাস্যকর নাটকের জবাবে তিনি এ হুঁশিয়ারি দিলেন।
নেতানিয়াহু গতরাতে দাবি করেছেন, ইরান গোপনে পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি যে অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে তা আড়াল করতেই নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলেছে বলে আমির হাতামি জানান।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইরান পরমাণু সমঝোতায় দেওয়া সব প্রতিশ্রুতি পুরোপুরি মেনে চলছে। কিন্তু আমেরিকা এটা প্রমাণ করেছে যে, তারা প্রতিশ্রুতি রক্ষা করে না। মার্কিন আচরণ গোটা বিশ্বের জন্যই বিপজ্জনক বলে তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে ইহুদিবাদী ইসরাইলের জন্য অশুভ লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে এবং ভবিষ্যতেও এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১