আমেরিকার চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে বহিষ্কার করল ভেনিজুয়েলা
https://parstoday.ir/bn/news/world-i57718-আমেরিকার_চার্জ_দ্যা_অ্যাফেয়ার্সকে_বহিষ্কার_করল_ভেনিজুয়েলা
আমেরিকার ‘বিদ্বেষী ও হস্তক্ষেপমুলক’ নীতির প্রতিবাদে কারাকাসে নিযুক্ত মার্কিন চার্জ দ্যায় অ্যাফেয়ার্সকে বহিষ্কার করেছে ভেনিজুয়েলা। মঙ্গলবার ভেনিজুয়েলা সরকার মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্স টড রবিনসনকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে তাকে দেশটি ত্যাগ করার জন্য ৪৮ ঘণ্টার সময় বেধে দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৩, ২০১৮ ০০:২১ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
    প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

আমেরিকার ‘বিদ্বেষী ও হস্তক্ষেপমুলক’ নীতির প্রতিবাদে কারাকাসে নিযুক্ত মার্কিন চার্জ দ্যায় অ্যাফেয়ার্সকে বহিষ্কার করেছে ভেনিজুয়েলা। মঙ্গলবার ভেনিজুয়েলা সরকার মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্স টড রবিনসনকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে তাকে দেশটি ত্যাগ করার জন্য ৪৮ ঘণ্টার সময় বেধে দিয়েছে।

মার্কিন সরকার ভেনিজুয়েলায় চলতি সপ্তাহে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনকে ‘সাজানো নাটক’ বলে অভিহিত করার পর কারাকাস এ পদক্ষেপ নিল। দেশটিতে রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পরবর্তী ছয় বছর মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছেন।

কিন্তু মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের এ ফলাফলকে স্বীকৃতি দেবে না। এ ছাড়া, দেশটির বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে।

মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্স টড রবিনসন

কারাকাস মার্কিন সরকারের এ ঘোষণাকে ‘বিদ্বেষপ্রসূত’ উল্লেখ করে বলেছে, ওয়াশিংটন ভেনিজুয়েলার স্বাধীনচেতা নীতি মেনে নিতে পারছে না। মার্কিন সরকার ভেনিজুয়েলার তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ কায়েম করতে চায় বলেও কারাকাস অভিযোগ করেছে।

রোববারের নির্বাচনের আগে ওয়াশিংটন ঘোষণা করেছিল, এ নির্বাচনে মাদুরো পুনর্নির্বাচিত হলে ভেনিজুয়েলার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩