ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মানবে না ভারত: সুষমা স্বরাজ
https://parstoday.ir/bn/news/world-i58060-ইরান_বিরোধী_মার্কিন_নিষেধাজ্ঞা_মানবে_না_ভারত_সুষমা_স্বরাজ
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, তার দেশ শুধুমাত্র জাতিসংঘের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলবে; কোনো বিশেষ দেশের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞা নয়। ইরানের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে নয়াদিল্লি তা মানবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৯, ২০১৮ ০০:২৯ Asia/Dhaka
  • ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ
    ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, তার দেশ শুধুমাত্র জাতিসংঘের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলবে; কোনো বিশেষ দেশের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞা নয়। ইরানের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে নয়াদিল্লি তা মানবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

নয়াদিল্লি সফরকারী ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাতের আগে এক সংবাদ সম্মেলনে ভারতের এ অবস্থান তুলে ধরেন স্বরাজ। তিনি বলেন, যেকোনো দেশের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে নয়াদিল্লি সম্পূর্ণ স্বাধীন এবং ভারতের পররাষ্ট্রনীতি কারো চাপের কাছে নতি স্বীকার করবে না।

পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার এবং তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে সে সম্পর্কে নয়াদিল্লির প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুষমা স্বরাজ এসব কথা বলেন।

সোমবার ভারত ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাতের আগে ফটোসেশন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হবে।

এ সম্পর্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ ‘প্রতিক্রিয়াশীল’ নীতি প্রত্যাখ্যান করে এবং অন্য কোনো দেশের চাপিয়ে দেয়া সিদ্ধান্ত মানে না।

রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ভারত ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে দু’দেশের মধ্যে বাণিজ্যিক বিনিময়ের পরিমাণ ছিল ১২৯০ কোটি ডলার। ভারতের অন্যতম বড় তেল সরবরাহকারী দেশ ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সোমবার নয়াদিল্লি সফর করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯