গত মাসে সিরিয় বাহিনীর ওপর সরাসরি বোমা বর্ষণ করেছে ব্রিটিশ জঙ্গিবিমান!
গত মাসে একটি ব্রিটিশ জঙ্গিবিমান ইরাক ও জর্ডান সীমান্তের কাছে সিরিয় সেনাবাহিনীর ওপর সরাসরি হামলা চালিয়েছে বলে সাইনডে টাইমস সংবাদপত্র জানিয়েছে। হামলায় একজন সামরিক কর্মকর্তা নিহত এবং অপর আরো কয়েকজন আহত হয়।
টাইমস জানিয়েছে, একটি ব্রিটিশ টাইফুন জঙ্গিবিমান সিরিয়ার আল তানাফ ঘাঁটির কাছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে লিপ্ত সিরিয় বাহিনীর ওপর ২২৬ কেজি ওজনের বোমা নিক্ষেপ করে। আল তানাফ ঘাঁটিতে ব্রিটিশ এবং মার্কিন বিশেষ বাহিনী সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছে বলেও সংবাদ মাধ্যমটি জানিয়েছে।
গত এপ্রিল মাসে সিরিয়ায় কথিত রাসায়নিক হামলার অভিযোগে দেশটির সেনাবাহিনীর বিভিন্ন অবস্থানে মার্কিন নেতৃত্বাধীন জোটের ক্ষেপণাস্ত্র হামলায় অংশ নেয়ার পর এটিই সিরিয়ায় ব্রিটিশ বাহিনীর প্রথম বিমান হামলা। আমেরিকা এবং এর মিত্রদেশগুলো রাসায়নিক হামলার জন্য দামেস্ককে অভিযুক্ত করে। সানডে টাইমস আরো জানিয়েছে, ব্রিটিশ বাহিনী গত মাসে সিরিয় সেনাবাহিনীর ওপর বোমা বর্ষণ করে। কারণ তারা ভেবেছিল যে সেনারা দামেস্ক সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী মাঘাইয়ের আল থোহরার বিরুদ্ধে অভিযান চালাতে আল তানাফের দিকে এগিয়ে যাচ্ছে।
মার্কিন সেনাবাহিনী ইরাক ও জর্ডান সীমান্তের কাছে অবস্থিত আল তানাফ ঘাঁটিতে ভারী অস্ত্র মোতায়েন করেছে। ওই ঘাঁটির ৩৪ কিলোমিটার পর্যন্ত সীমানার ভেতরে যেন কোনো অভিযান না চালানো হয় সেজন্য সিরিয় সেনাবাহিনীকে সতর্ক করে দেয়া হয়েছে। সিরিয়ার অভ্যন্তরে অন্তত ১৯টি ক্যাম্পে মার্কিন বাহিনী উগ্র তাকফিরি সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছে বলে রাশিয়ার সামরিক কর্মকর্তারা জানিয়েছে।
পার্সটুডে/বাবুল আখতার/২