‘তালেবানের চিকিৎসা পাকিস্তানে কেন জেনারেল বাজওয়া জবাব দিন’
-
গজনির জনসভায় বক্তব্য দিচ্ছেন প্রেসিডেন্ট আশরাফ গনি
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি শহর দখল করতে গিয়ে আহত তালেবান জঙ্গিদের চিকিৎসার জন্য পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আফগান প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি। তিনি এ বিষয়ে পাক সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়ার কাছে ব্যাখ্যা দাবি করেছেন।
তালেবান জঙ্গিরা গত ১০ আগস্ট তিনদিক দিয়ে গজনি শহরে অতর্কিত আক্রমণ চালিয়ে শহরের বেশ কিছু এলাকা দখল করে নেয়। ছয় দিনের যুদ্ধ শেষে আফগান সেনারা শহরটি পুনরুদ্ধার করলেও এতে শত শত সামরিক ও বেসামরিক ব্যক্তি নিহত হয়।
বুধবার গজনি মুক্ত হওয়ার পর গতকাল (শুক্রবার) প্রেসিডেন্ট আশরাফ গনি এ শহর পরিদর্শনে যান। সেখানে তিনি এক জনসভায় পাক সেনাপ্রধানকে উদ্দেশ করে বক্তব্য দেন এবং তালেবান জঙ্গিদের চিকিৎসা দেয়ার ব্যাপারে ইসলামাবাদের কাছে ব্যাখ্যা চান।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্তরেখা ‘ডুরান্ট লাইন’ নিয়ে দু’দেশের মধ্যে মতবিরোধ রয়েছে। এ ছাড়া, দেশ দু’টি সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার জন্য পরস্পরকে অভিযুক্ত করছে।
গজনি দখল প্রচেষ্টায় পাকিস্তানের বহু জঙ্গি আফগান তালেবানের সঙ্গে যোগ দিয়েছিল বলে অসমর্থিত খবরে জানা গেছে। গজনি যুদ্ধ নিহত পাক জঙ্গিদের লাশ পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে বলে দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রখ্যাত রাজনীতিবিদ আফরাসিয়াব খট্টক এক টুইটার বার্তায় দাবি করেন। তবে কাবুল বা ইসলামাবাদ এ সম্পর্কে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮