সিরিয়ায় বিমান ভূপাতিত হওয়ার বিস্তারিত তথ্য প্রকাশ করবে রাশিয়া
-
রাশিয়ার আইএল-২০ সামরিক গোয়েন্দা বিমান (ফাইল ফটো)
সিরিয়ার আকাশ থেকে সম্প্রতি কোন প্রেক্ষাপটে রাশিয়ার আইএল-২০ সামরিক গোয়েন্দা বিমান ভূপাতিত হয়েছে তার বিস্তারিত তথ্য প্রকাশ করতে যাচ্ছে মস্কো।
গত সোমবার রাতে সিরিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইহুদিবাদী ইসরাইলের বিমান থেকে হামলা চালানোর সময় সিরিয়ার সামরিক বাহিনী ইসরাইলি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়লে তা গিয়ে রুশ বিমানটিকে আঘাত করে এবং ওই ঘটনায় রাশিয়ার অন্তত ১৫ সেনা নিহত হয়। ইসরাইল রুশ বিমানটিকে ঢাল হিসেবে ব্যবহার করে সিরিয়ার ওপর হামলা চালাচ্ছিল।
শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিমান বিধ্বস্তের সময় সিরিয়ার আকাশের পরিস্থিতি এবং ওই এলাকায় ইসরাইলি বিমানের তৎপরতা সম্পর্কিত রাডারের প্রতি মুহূর্তের তথ্য প্রকাশ করা হবে।
গত ১৭ সেপ্টেম্বরের ঘটনার জন্য রাশিয়া ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেছে। মস্কো বলেছে, ইসরাইলি জঙ্গিবিমানগুলো ‘একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছিল’ যার কারণে সিরিয়ার এস-২০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে আইএল-২০ বিমানটি ভূপাতিত হয়।
এ ঘটনার জন্য ইসরাইল মস্কোকে নানা তথ্য দিলেও রাশিয়া তাতে সন্তুষ্ট হয় নি বরং আরো ব্যাখ্যা চেয়েছে। ঘটনার জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেছে রাশিয়া ও সিরিয়া।#
পার্সটুডে/এসআইবি/২৩