জাতিসংঘে ইরান, রাশিয়া ও তুরস্কের বৈঠক; ইদলিব ইস্যুতে সন্তোষ
https://parstoday.ir/bn/news/world-i64607-জাতিসংঘে_ইরান_রাশিয়া_ও_তুরস্কের_বৈঠক_ইদলিব_ইস্যুতে_সন্তোষ
সিরিয়ার ইদলিব প্রদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জাতিসংঘে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। গতকাল (বুধবার) নিউ ইয়র্কে জাতিংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক সম্মেলনের অবকাশে এ বৈঠক হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০১৮ ১৩:০৩ Asia/Dhaka
  • জাতিসংঘে ইরান, রাশিয়া ও তুরস্কের বৈঠক; ইদলিব ইস্যুতে সন্তোষ

সিরিয়ার ইদলিব প্রদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জাতিসংঘে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। গতকাল (বুধবার) নিউ ইয়র্কে জাতিংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক সম্মেলনের অবকাশে এ বৈঠক হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বৈঠক প্রসঙ্গে বলেছেন, ইদলিবে বাফার জোন প্রতিষ্ঠার বিষয়ে মস্কো ও আঙ্কারার মধ্যে যে চুক্তি হয়েছে তা নিয়েই এ বৈঠকে আলোচনা হয়েছে। তিন দেশই এ বিষয়ে আশাবাদী। ইদলিবে বাফার জোন প্রতিষ্ঠার পাশাপাশি সিরিয়ার ভবিষ্যৎ রাজনীতি নিয়েও কথা হয়েছে।

তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীই ইদলিবকে শান্তিপূর্ণ উপায়ে সন্ত্রাসীমুক্ত করার পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। এর মাধ্যমে সংঘাত এড়িয়ে বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা মনে করছেন।

গত ১৭ সেপ্টেম্বর সিরিয়ার ইদলিব প্রদেশে একটি বেসামরিক বাফার জোন তৈরি করার বিষয়ে চুক্তিতে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান। চুক্তি অনুসারে, বেসামরিক বাফার জোন ১৫ থেকে ২০ কিলোমিটার বিস্তৃত হবে। আগামী ১৫ অক্টোবরের আগে এটি কার্যকর করা হবে।

চুক্তিতে বলা হয়েছে, ইদলিবের বাফার জোন থেকে সমস্ত ভারী অস্ত্র প্রত্যাহার করা হবে এবং আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত জাবহাত ফতেহ আশ-শামের সন্ত্রাসীদেরকে তুরস্ক সরিয়ে নেবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭