‘আফগানিস্তানের সঙ্গে সমন্বয় না করেই মোল্লা বারাদারকে মুক্তি দেয়া হয়েছে’
-
আফগান সরকারের মুখপাত্র মুজিবুর রহমান রহিমি
আফগানিস্তানের সঙ্গে সমন্বয় না করেই উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুলগনি বারাদারকে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে কাবুল। আফগান সরকারের মুখপাত্র মুজিবুর রহমান রহিমি এ অভিযোগ করেছেন।
তিনি মঙ্গলবার কাবুলে বলেন, মোল্লা বারাদারকে মুক্তি দেয়ার ব্যাপারে যেমন আফগান সরকারের কোনো ভূমিকা নেই তেমনি তাকে আটকের ঘটনায়ও কাবুলের হাত ছিল না। রহিমি আরো বলেন, মোল্লা বারাদার কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পাকিস্তানেই অবস্থান করছেন এবং আফগান পরিস্থিতির ওপর তার কোনো প্রভাব নেই।
তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুলগনি বারাদারকে ২০১০ সালে পাকিস্তানের পুলিশ গ্রেফতার করে। সম্প্রতি মুক্তি পেয়ে তিনি করাচিতে তার বাসভবনে চলে গেছেন।
১৯৯০-এর দশকে যে চার নেতা মিলে আফগানিস্তানের তালেবান প্রতিষ্ঠা করেছিলেন তাদের অন্যতম ৫০ বছর বয়সি মোল্লা বারাদার।
১৯৯৬ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করলেও ২০০১ সালে ইঙ্গো-মার্কিন বাহিনীর আগ্রাসনে এই গোষ্ঠী ক্ষমতাচ্যুত হয়। তবে আফগানিস্তানের রাজনীতিতে তালেবান এখনো বড় ধরনের নিয়ামক ভূমিকা পালন করছে। দেশটির বেশ কিছু এলাকা এখনো তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে এবং তাদের হামলায় প্রায় প্রতিদিনই কেউ না কেউ প্রাণ হারাচ্ছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১