ইরানের কাছ থেকে তেল কেনা বন্ধ করতে অস্বীকৃতি জানাল তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i66013-ইরানের_কাছ_থেকে_তেল_কেনা_বন্ধ_করতে_অস্বীকৃতি_জানাল_তুরস্ক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু ইরানের কাছ থেকে তেল কেনা বন্ধ করার ব্যাপারে মার্কিন সময়সীমা মেনে চলতে অস্বীকার করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২২, ২০১৮ ০৩:৪০ Asia/Dhaka
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু
    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু ইরানের কাছ থেকে তেল কেনা বন্ধ করার ব্যাপারে মার্কিন সময়সীমা মেনে চলতে অস্বীকার করেছেন।

তিনি গতকাল (বুধবার) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে বৈঠকের পর বলেন, ইরানে তেল কেনা ছয় মাসের মধ্যে বন্ধ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সময়সীমা বেঁধে দিয়েছেন তা মেনে চলা সম্ভব নয়।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ ছয় মাস বা দুই বছরের মধ্যে নিজের তেলের উৎস বন্ধ করতে পারবে না। এ ছাড়া, ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞাও কেউ মেনে চলতে রাজি নয়। চাভুসওগ্লু আবারো ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে বেআইনি বলে অভিহিত করেন।

বুধবার ওয়াশিংটনে পম্পেও'র সঙ্গে সাক্ষাৎ করেন চাভুসওগ্লু

গত ৫ নভেম্বর মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের তেল রপ্তানি ও ব্যাংকিং খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। একইসঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ইতালি, গ্রিস ও তাইওয়ান- এই আট দেশ নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের কাছ থেকে আগামী ছয় মাসের জন্য তেল আমদানি করতে পারবে।

তবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, ছয় মাস পরও ইরানের কাছ থেকে তেল কেনা বন্ধ করা তার দেশের পক্ষে সম্ভব হবে না।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২