ইরানকে মোকাবেলায় বিমানবাহী যুদ্ধাজাহাজ পাঠাচ্ছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i66333-ইরানকে_মোকাবেলায়_বিমানবাহী_যুদ্ধাজাহাজ_পাঠাচ্ছে_আমেরিকা
ইসলামি প্রজাতন্ত্র ইরানকে মোকাবেলা করার জন্য আমেরিকা নতুন করে পারস্য উপসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। মার্কিন সামরিক কর্মকর্তারা এ তথ্য প্রকাশ করেছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ০৪, ২০১৮ ১৫:২৯ Asia/Dhaka
  • মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ
    মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ

ইসলামি প্রজাতন্ত্র ইরানকে মোকাবেলা করার জন্য আমেরিকা নতুন করে পারস্য উপসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। মার্কিন সামরিক কর্মকর্তারা এ তথ্য প্রকাশ করেছেন।

বিমানবাহী রণতরী ইউএসএস জন সি স্টেইনিস এবং তার সঙ্গে কয়েকটি যুদ্ধজাহাজ বর্তমানে ভারত মহাসগর পাড়ি দিচ্ছে এবং চলতি সপ্তাহের শেষ দিকে তা পারস্য উপসাগরে পৌঁছাবে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে।

এ খবর যদি সত্যি হয় তাহলে গত আট মাসের মধ্যে এই প্রথম আমেরিকা পারস্য উপসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়ে তাদের সামরিক উপস্থিতি বাড়ানোর পদক্ষেপ নিল। গত দুই দশকের মধ্যে এটাই সবচেয়ে দীর্ঘসময় যখন পারস্য উপসাগরে আট মাস ধরে আমেরিকার কোনো বিমানবাহী যুদ্ধজাহাজ ছিল না।  

মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরানি প্রভাবের সরাসরি জবাব দিতে আমেরিকা যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। অবশ্য এ জাহাজ থেকে ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে চলমান সামরিক অভিযানে অংশ নিতে পারবে মার্কিন জঙ্গিবিমান।#

পার্সটুডে/এসআইবি/৪