সৌদি যুবরাজকেই খাশোগির খুনি মনে করেন মার্কিন সিনেটররা
https://parstoday.ir/bn/news/world-i66358-সৌদি_যুবরাজকেই_খাশোগির_খুনি_মনে_করেন_মার্কিন_সিনেটররা
সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডে যুবরাজ মুহাম্মাদ বিন সালমান জড়িত না থাকার সম্ভাবনা 'শূন্য' বলে মন্তব্য করেছেন কয়েক জন মার্কিন সিনেটর। সিআইএ প্রধান গিনা হাসপেলের এ সংক্রান্ত ব্রিফিং শেষে তারা এ ধরণের অভিমত ব্যক্ত করেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ০৫, ২০১৮ ১৯:৪১ Asia/Dhaka
  • খাশোগি (বামে) ও মুহাম্মাদ বিন সালমান
    খাশোগি (বামে) ও মুহাম্মাদ বিন সালমান

সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডে যুবরাজ মুহাম্মাদ বিন সালমান জড়িত না থাকার সম্ভাবনা 'শূন্য' বলে মন্তব্য করেছেন কয়েক জন মার্কিন সিনেটর। সিআইএ প্রধান গিনা হাসপেলের এ সংক্রান্ত ব্রিফিং শেষে তারা এ ধরণের অভিমত ব্যক্ত করেন।

সিনেট ফরেন রিলেশন্স কমিটির চেয়ারম্যান রিপাবলিকান পার্টির সিনেটর বব করকার বলেছেন, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের নির্দেশদাতা সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। তিনি বলেন, 'সৌদি যুবরাজ খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছেন এবং এ হত্যাকাণ্ড পর্যবেক্ষণ করেছেন সে ব্যাপারে কোন সংশয় নেই।'

তিনি আরো বলেন, বিন সালমানকে বিচারের মুখোমুখি করা হলে ৩০ মিনিটের মধ্যেই তাকে দোষী প্রমাণ করা সম্ভব। গতকাল সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ জড়িত আছে কিনা সে ব্যাপারে ব্রিফ করেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র প্রধান।

ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম সাংবাদিকদের বলেন, 'সৌদি যুবরাজের লোকেরাই যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এমন উপসংহারে পৌঁছাতে না চাইলে আপনাকে জেনেশুনে অন্ধ হতে হবে।'

তিনি আরো বলেন, ট্রাম্প প্রশাসন খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের জড়িত থাকার বিষয়টি স্বীকার করতে চায় না। জামাল খাশোগি হত্যার পর গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস সৌদি-আমেরিকার সম্পর্ক নিয়ে পুরো সিনেটকে ব্রিফ করেন। তবে সিনেটরদের বেশিরভাগই তাদের কথায় সন্তুষ্ট হতে পারেন নি বলে মনে হয়েছে।

পার্সটুডে/এসএ/৫