মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন, রাশিয়া, ইরান!
https://parstoday.ir/bn/news/world-i66779-মার্কিন_নির্বাচনে_হস্তক্ষেপ_করেছে_চীন_রাশিয়া_ইরান!
মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রাশিয়া, চীন ও ইরান হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ তুলেছেন আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক ড্যান কোটস।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৩, ২০১৮ ০৯:৫৩ Asia/Dhaka
  • আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক ড্যান কোটস
    আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক ড্যান কোটস

মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রাশিয়া, চীন ও ইরান হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ তুলেছেন আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক ড্যান কোটস।

শুক্রবার হোয়াইট হাউজে প্রকাশিত এক রিপোর্টে তিনি বলেছেন, নভেম্বর মাসে অনুষ্ঠিত মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে চীন ও ইরানসহ কয়েকটি বিদেশী শক্তিকে সঙ্গে নিয়ে রাশিয়া প্রচারণার কাজে হস্তক্ষেপ করেছে। তারা তাদের কৌশলগত স্বার্থ হাতিয়ে নেয়ার জন্য নির্বাচনী প্রচারণায় প্রভাব বিস্তার করেছে এবং মেসেজ পাঠিয়েছে। তবে নির্বাচনী কাঠামো বা ব্যবস্থায় এসব দেশ কোনো প্রভাব বিস্তার করতে পারে নি বলে তিনি দাবি করেন।

মার্কিন নির্বাচন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে ৪৫ দিনের মধ্যে ড্যান কোটসের কার্যালয়কে বিষয়টি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন। গত ৬ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনের দিন থেকে এই ৪৫ দিন গণনা শুরু হবে।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ রয়েছে এবং বিষয়টিতে শক্ত জবাব দেয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ রয়েছে। গত নভেম্বরের নির্বাচনে বিরোধী ডেমোক্র্যাট দল কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সুস্পষ্ট নিয়ন্ত্রণ নিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৩