ভারতের নির্বাচনের পর আলোচনায় বসবে পাকিস্তান: পাক তথ্যমন্ত্রী
-
ফুয়াদ চৌধুরী
ভারতে সাধারণ নির্বাচনের পর দেশটির সঙ্গে আলোচনায় বসবে পাকিস্তান। আজ (মঙ্গলবার) পাকিস্তানের তথ্যমন্ত্রী ফুয়াদ চৌধুরী বলেছেন, ভারত সরকারের সঙ্গে আলোচনা শুরু করতে ইমরান খানের সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে। তবে এ আলোচনা হবে নির্বাচনের পর। কারণ ভারত এখন নির্বাচন নিয়ে ব্যস্ত।
এর আগেও পাকিস্তানের পক্ষ থেকে ভারতের সঙ্গে আলোচনা শুরুর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। তবে ভারতের নরেন্দ্র মোদি সরকার সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ তুলে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
জাতিসংঘের ৭৩তম অধিবেশনেও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে বলেছিলেন, যুদ্ধ নয়, ভারতের সাথে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান চায় ইসলামাবাদ।
তবে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির জন্য ভারতই দায়ী বলে তিনি দাবি করেছিলেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯