ভেনিজুয়েলা ছাড়তে পারবেন না স্বঘোষিত প্রেসিডেন্ট
-
ট্রাম্প ও গুয়াইদো (ডানে)
ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদোর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাঁর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। মার্কিন উসকানিতে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার কয়েক দিনের মধ্যেই তার ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হলো।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘অবৈধ’ দাবি করে বিরোধী নেতা গুয়াইদো গত সপ্তাহে নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন। এর অল্প সময় পরই গুয়াইদোকে স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। অন্যদিকে, মাদুরোর পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া, ইরান ও তুরস্কসহ তার বিভিন্ন মিত্রদেশ।
এছাড়া উত্তর ও দক্ষিণ আমেরিকার ১৪টি দেশ ভেনিজুয়েলায় বাইরের কোনো শক্তির সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করেছে। তারা শান্তিপূর্ণ সমাধানের উপায় খুঁজতে বলেছে। এর পাশাপাশি ভেনিজুয়েলার শক্তিশালী সেনাবাহিনী এখন পর্যন্ত মাদুরোর প্রতি অনুগত রয়েছে।
১০ জানুয়ারি মাদুরো দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের মধ্যেই নিজেকে অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন হুয়ান গুয়াইদো।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩১