পরমাণু যুদ্ধের জন্য মার্কিন টার্গেটগুলোর তালিকা প্রকাশ করল রাশিয়া
-
গত ২৩ জানুয়ারি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির নয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে
আমেরিকার সঙ্গে পরমাণু যুদ্ধ শুরু হলে দেশটির কোন কোন লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হবে তার একটি তালিকা প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল।
চ্যানেলের সাপ্তাহিক প্রধান নিউজ শো’র উপস্থাপক দিমিত্রি কিসলিয়োভ আমেরিকার একটি মানচিত্র তুলে ধরে বেশ কিছু টার্গেটের নাম উল্লেখ করে বলেন, পরমাণু যুদ্ধ শুরু হলে এসব লক্ষ্যবস্তুতে আঘাত হানবে মস্কো। এসব টার্গেটের মধ্যে রয়েছে পেন্টাগন ও ক্যাম্প ডেভিড। কিসলিয়োভ বলেন, যুদ্ধ লাগলে পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে এসব লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে।
রুশ টিভি চ্যানেলের এই উপস্থাপক আরো যেসব লক্ষ্যবস্তুর নাম বলেন সেগুলোর মধ্যে রয়েছে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সামরিক প্রশিক্ষণ কেন্দ্র- ফোর্ট রিচি এবং ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সামরিক বিমান ঘাঁটি- ম্যাকক্লেল্লান। ১৯৯৮ সালে ফোর্ট উইলিয়াম বন্ধ হয়ে গেছে এবং ম্যাকক্লেল্লানও ২০০১ সালের পর থেকে আর ব্যবহৃত হচ্ছে না বলে মার্কিন সূত্র জানিয়েছে।
শীতল যুদ্ধের সময় আমেরিকা ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে বর্তমানে উত্তেজনা চলছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত ১ ফেব্রুয়ারি বলেছেন, আইএনএফ নামক ওই চুক্তি ১৮০ দিনের জন্য স্থগিত রাখতে পারে ওয়াশিংটন। তার ভাষায় রাশিয়া এই চুক্তি লঙ্ঘন বন্ধ না করলে মার্কিন সরকার ওই ১৮০ দিন পার হওয়ার পর স্থায়ীভাবে বেরিয়ে যাবে বলে তিনি হুমকি দেন।
আমেরিকা বেরিয়ে গেলে রাশিয়াও এ ব্যাপারে পাল্টা ব্যবস্থা নেবে বলে মস্কো হুঁশিয়ারি উচ্চারণ করেছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬