সংকটে ট্রুডো সরকার: আরো এক মন্ত্রীর পদত্যাগ
https://parstoday.ir/bn/news/world-i68586-সংকটে_ট্রুডো_সরকার_আরো_এক_মন্ত্রীর_পদত্যাগ
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন সরকার থেকে আরো একজন মন্ত্রী পদত্যাগ করেছেন। তিনি হলেন ট্রেজারি বোর্ডের প্রেসিডেন্ট জেন ফিলপট। সম্প্রতি তাকে ট্রুডো সরকারের মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। ফিলপট সরকারি বাজেট সংক্রান্ত দায়িত্বে ছিলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৫, ২০১৯ ১১:২৭ Asia/Dhaka
  • জেন ফিলপট
    জেন ফিলপট

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন সরকার থেকে আরো একজন মন্ত্রী পদত্যাগ করেছেন। তিনি হলেন ট্রেজারি বোর্ডের প্রেসিডেন্ট জেন ফিলপট। সম্প্রতি তাকে ট্রুডো সরকারের মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। ফিলপট সরকারি বাজেট সংক্রান্ত দায়িত্বে ছিলেন।

এ নিয়ে গত কয়েক দিনের মধ্যে কানাডার দুজন মন্ত্রী পদত্যাগ করলেন। জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাস আগে দুই মন্ত্রীর পদত্যাগে ট্রুডো মারাত্মক রাজনৈতিক চাপের মুখে পড়লেন। ফিলপটের পদত্যাগকে ট্রুডোর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এসএনসি লাভালিন নামের প্রতিষ্ঠানের একটি ঘুষ সংক্রান্ত মামলায় ট্রুডো সরকার সাবেক আইনমন্ত্রী জোডি উইলসন-রেবোল্ডের ওপর চাপ সৃষ্টি করেছিল বলে অভিযোগ উঠেছে। সে কারণে প্রথমে রেবোল্ড পদত্যাগ করেন। তার পথ ধরে ফিলপট পদত্যাগ করলেন।

ট্রুডো সরকারের এমন দুজন শক্তিধর নারী মন্ত্রী পদত্যাগ করায় তিনি বড় রকমের ঝুঁকিতে পড়েছেন। জনমত জরিপ বলছে, সামনের নির্বাচনে ট্রুডো হেরে যেতে পারেন। ফলে ট্রুডোর সামনে এক অশনি সংকেত হিসেবে দেখা হচ্ছে এসব ঘটনাকে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

পদত্যাগের কারণ হিসেবে জেন ফিলপট বলেছেন, রাজনৈতিক কেলেঙ্কারি নিয়ে উত্তেজনা বৃদ্ধির বিষয়টি সরকার যেভাবে মোকাবিলা করছে তাতে তিনি সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। সরকারি কর্মকর্তারা সাবেক আইনমন্ত্রী জোডি উইলসন-রেবোল্ডের ওপর যেভাবে অন্যায় চাপ সৃষ্টি করেছিলেন তাতে সরকারের জবাবে অসন্তোষ প্রকাশ করেন ফিলপট। লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির সময় সেখানে নির্মাণ কাজের চুক্তি লাভের চেষ্টা করে এসএনসি লাভালিন গ্রুপ। এক্ষেত্রে তারা দুর্নীতির আশ্রয় নেয় এবং ঘুষ দেয়। এ নিয়ে মামলা চলছে।

এ মামলা থেকে এসএনএসি লাভালিনকে রক্ষার জন্য সাবেক ওই আইনমন্ত্রীর ওপর সরকার থেকে চাপ সৃষ্টি করা হয়েছিল বলে অভিযোগ আছে। এ নিয়ে যখন রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে ওঠে তখন পদত্যাগ করেন উউলসন-রেবোল্ড।#

পার্সটুডে/এসআইবি/৫