লেভিনসনকে নিয়ে আবার ইরান বিরোধী অভিযোগ করল আমেরিকা
-
মাইক পম্পেও- জন বোল্টন
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও এফবিআই’র একজন গুপ্তচর ইরানে নিখোঁজ হয়েছে বলে ওয়াশিংটন এর আগে যে অভিযোগ করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার পুনরাবৃত্তি করেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন গতকাল (শনিবার) আলাদা আলাদা বিবৃতিতে ওই দাবির পুনরাবৃত্তি করেন। তারা দু’জনই এফবিআই’র সাবেক কর্মী রবার্ট লেভিনসনের নিখোঁজ হওয়ার জন্য ইরানকে অভিযুক্ত করেন।
প্রকাশিত খবর অনুযায়ী রবার্ট লেভিনসন ২০০৭ সালে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র একটি মিশন নিয়ে ইরানের উদ্দেশ্যে যাত্রা করেন। মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, তিনি ওই বছর ইরানের কিশ দ্বীপে প্রবেশ করেন এবং সেখান থেকে নিখোঁজ হয়ে যান।
মার্কিন কর্মকর্তাদের দাবির সূত্র ধরে ইরানের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত শেষে জানানো হয়, তেহরানের কাছে লেভিনসন নামের কোনো ব্যক্তির কোনো তথ্য নেই। ইরান এ পর্যন্ত বেশ কয়েকবার একথা জানিয়ে দিয়েছে। কিন্তু তারপর মার্কিন কর্মকর্তাদের এ সংক্রান্ত অভিযোগ বন্ধ হচ্ছে না।
আমেরিকার পীড়াপীড়ির মুখে গত বছরের মার্চ মাসে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, তেহরানের কাছে লেভিনসনের কোনো তথ্য নেই এবং এতদিন ওই ব্যক্তিকে খুঁজে বের করার জন্য ইরান শুধুমাত্র মানবিক কারণে আমেরিকাকে সহযোগিতা করেছে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০