গোলান মালভূমির ইস্যু জাতিসংঘে তোলা হবে: এরদোগান
-
তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যেব এরদোগান
অধিকৃত গোলান মালভূমির ওপর ইহুদিবাদী ইসরাইলের মালিকানা দাবির ইস্যুটি জাতিসংঘে তোলা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যেব এরদোগান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিতে তেল আবিবের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়ার পক্ষে বক্তব্য দেয়ার পর এরদোগান এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
গতকাল (রোববার) একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এরদোগান বলেন, গোলান মালভূমির বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে বিবৃতি দিয়েছেন তা ইসরাইলে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য একটি উপহার। গোলান মালভূমির ওপর ইসরাইলের দাবি প্রতিষ্ঠার জন্য নেতানিয়াহু অনেক দিন থেকে চেষ্টা চালিয়ে আসছেন। প্রেসিডেন্ট এরদোগানের মতো অনেক বিশেষজ্ঞও মনে করেন আগামী ৯ এপ্রিল ইসরাইলে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে গোলান মালভূমি বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা নেতানিয়াহুর জন্য একটি উপহার।
এছাড়া, গত শুক্রবার ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসি'র বৈঠকে এরদোগান বলেন, গোলান মালভূমির ওপর ইসরাইলের দখলদারিত্বের বৈধতা মেনে নেয়া হবে না। একই দিনে তুরস্কের কোনিয়া প্রদেশে একটি নির্বাচনী সমাবেশে তিনি বলেন, জাতিসংঘে গৃহিত প্রস্তাব অনুযায়ী গোলান মালভূমির এক ই্ঞ্চি ভুমির ওপরও ইসরাইল কোনো মালিকানা দাবি করতে পারে না। গোলান মালভূমির বিষয়ে ট্রাম্প যে মন্তব্য করেছেন তা এ অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দেবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।#
পার্সটুডে/বাবুল আখতার/২৫
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন