ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিলে ট্রাম্প প্রশাসন বিভক্ত!
-
মাইক পম্পেও এবং জন বোল্টন
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বৃহৎ তেল ক্রেতাদের ওপর থেকে সাময়িকভাবে তুলে নেয়া মার্কিন নিষেধজ্ঞার মেয়াদ আরো বাড়ানো হবে কিনা সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিভক্ত হয়ে পড়েছে। তেলের মূল্য বেড়ে যাওয়ার আশঙ্কায় কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বলে কয়েকটি সূত্র জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক চার ব্যক্তি ব্লুমবার্গ সংবাদ মাধ্যমকে গত (মঙ্গলবার) জানিয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যুদ্ধবাজ জন বোল্টন, জ্বালানী বিভাগের কিছু কর্মকর্তাসহ রিপাবলিকান দলের সিনেটর মার্কো রুবিও এবং টম কটন ইরানি তেল ক্রেতা দেশের ওপর নিষেধাজ্ঞা আর শিথিল না করার পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র টিম এবং অর্থমন্ত্রী স্টিভেন মানিউচিন সতর্ক করে দিয়েছেন যে বাজার থেকে ইরানি তেল হঠাৎ করে উধাও হয়ে গেলে তেলের মূল্য অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ব্লুমবার্গ জানিয়েছে, এ বিভক্তি ধীরে ধীরে তীব্র আকার ধারন করছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারে নি সংবাদ মাধ্যমটি।
আমেরিকার সাবেক সহকারি নিরাপত্তা উপদেষ্টা মেগান ওসুলিভান বলেন, বিশ্ব বাজারে ইরান এবং ভেনিজুয়েলার তেল সরবরাহ কমিয়ে দেয়ার মাধ্যমে নিষেধাজ্ঞার বিষয়ে কঠোর নীতি গ্রহণ করা ট্রাম্প প্রশাসনের জন্য যথেষ্ট ঝুঁকি রয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৮