এস-৪০০ কেনার ক্ষেত্রে মার্কিন হুমকিকে পাত্তা দেবে না তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i69231-এস_৪০০_কেনার_ক্ষেত্রে_মার্কিন_হুমকিকে_পাত্তা_দেবে_না_তুরস্ক
তুরস্ক বলেছে, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার ব্যাপারে যে চুক্তি হয়েছে তার প্রতি সম্মান জানাবে আঙ্কারা। তুর্কি সরকার এই ব্যবস্থা কেনার পরিকল্পনা থেকে সরে না আসলে দেশটিকে এফ-৩৫ জঙ্গিবিমান দেয়ার চুক্তি বাতিল করে দেয়ার হুমকি দিয়ে মার্কিন সিনেটে বিল উত্থাপিত হওয়ার পর আঙ্কারা এ ঘোষণা দিল।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ৩০, ২০১৯ ০৮:১১ Asia/Dhaka
  • এফ-৩৫ জঙ্গিবিমান
    এফ-৩৫ জঙ্গিবিমান

তুরস্ক বলেছে, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার ব্যাপারে যে চুক্তি হয়েছে তার প্রতি সম্মান জানাবে আঙ্কারা। তুর্কি সরকার এই ব্যবস্থা কেনার পরিকল্পনা থেকে সরে না আসলে দেশটিকে এফ-৩৫ জঙ্গিবিমান দেয়ার চুক্তি বাতিল করে দেয়ার হুমকি দিয়ে মার্কিন সিনেটে বিল উত্থাপিত হওয়ার পর আঙ্কারা এ ঘোষণা দিল।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু শুক্রবার আনাতোলিয়ায় সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, রাশিয়ার কাছে থেকে এস-৪০০ ব্যবস্থা গ্রহণের সময়সীমা নিয়ে বর্তমানে দু’দেশের মধ্যে আলোচনা চলছে।  কাজেই এখন আর এ বিষয়টি থেকে পিছিয়ে আসার সুযোগ নেই।

মার্কিন হুমকি প্রসঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার কাছ থেকে অত্যাধুনিক জঙ্গিবিমান এফ-৩৫ কেনার ব্যাপারে সব বাধ্যবাধকতা পূর্ণ করেছে আঙ্কারা। কিন্তু এখন ওয়াশিংটন এ ব্যাপারে স্ববিরোধী বক্তব্য দিচ্ছে।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

এর আগে গতকাল মার্কিন কংগ্রেসে ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট দল যৌথভাবে একটি বিল উত্থাপন করেছে। বিলটি পাস হলে তুরস্ককে অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান সরবরাহ করা যাবে না। বিলে বলা হয়েছে, তুরস্ক যদি রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‌গ্রহণ করে তাহলে আংকারাকে এফ-৩৫ বিমান সরবরাহ করা যাবে না।

বিলে আরো বলা হয়েছে, তুরস্ক যাতে রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করে সেজন্য দেশটির ওপর অব্যাহতভাবে চাপ দিয়ে যেতে হবে।

আমেরিকা এবং ন্যাটো জোটের অন্য সদস্যরা আশংকা করছে, তুরস্ক এফ-৩৫ বিমান কিনলে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার রাডার শিখে যাবে- কীভাবে এ বিমানকে শণাক্ত করতে হবে। এতে এফ-৩৫ বিমান রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার রাডার ফাঁকি দেয়ার সক্ষমতা হারাবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান/৩০